বিশালকে বিরাট উপহার দিলেন কোহলি
খেলা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৮
বিজয় হজারে ট্রফির মঞ্চে এক বলেই বদলে গেল ভাগ্য। বিরাট কোহলির উইকেট নিয়ে রাতারাতি আলোচনায় উঠে এলেন গুজরাতের তরুণ স্পিনার বিশাল জয়সোয়াল। ম্যাচ শেষে সেই স্মরণীয় মুহূর্তকে আরও বিশেষ করে তুললেন স্বয়ং কোহলি। তরুণ এই বোলারকে ম্যাচ শেষে সই করা বল উপহার দিয়েছেন কোহলি।
দিল্লির বিরুদ্ধে ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বিরাট। মাত্র ২৯ বলে তুলে নেন হাফসেঞ্চুরি। ছন্দে ছিলেন পুরোপুরি, ইঙ্গিত মিলছিল টানা দ্বিতীয় শতরানেরও। কিন্তু ৭৭ রানে গিয়ে থামান বিশাল। বাঁহাতি স্পিনারের বল ক্রিজ ছেড়ে মারতে গিয়ে মিস করেন কোহলি, স্টাম্পড হয়ে ফিরতে হয় তাঁকে।
মুহূর্তেই উচ্ছ্বাসে ফেটে পড়েন বিশাল। কারণটা পরিষ্কার, এটাই তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় উইকেট। ম্যাচ শেষে সেই ঐতিহাসিক বলেই কোহলি নিজের সই করে তুলে দেন বিশালের হাতে। দু’জনের একসঙ্গে ছবি, সই করা বল। সবকিছুই ভাগ করে নেন বিশাল সামাজিক যোগাযোগমাধ্যমে। এমনকি কোহলিকে আউট করার ভিডিওটিও পোস্ট করেন তিনি।
সেই পোস্টে আবেগ ঢেলে লিখেছেন বিশাল, ‘যাঁকে বিশ্ব ক্রিকেট কাঁপাতে দেখেছি, তাঁর সঙ্গে মাঠ ভাগ করে নেওয়া এবং তাঁর উইকেট নেওয়া আমার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত। কখনও ভাবিনি এটা সত্যি হবে। বিরাট ভাইয়ের উইকেট আমার সারা জীবন মনে থাকবে। তাঁর দেওয়া উপহার আমার জীবনের সেরা প্রাপ্তি।’
এই ম্যাচে কোহলির পাশাপাশি ঋষভ পন্থ, অর্পিত রানা ও নীতীশ রানার উইকেটও নেন বিশাল। ১০ ওভারে ৪২ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। তাতে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৫৪ রানে থামে দিল্লি। জবাবে গুজরাত ৪৭.৪ ওভারে ২৪৭ রানে অলআউট হয়ে গেলে ৭ রানের জয় পায় বিরাট কোহলির প্রতিপক্ষরা।
এমআই