Advertisement
Us Bangla Airlines
বড় দুঃসংবাদ পাচ্ছে রিশাদের দল

বড় দুঃসংবাদ পাচ্ছে রিশাদের দল

খেলা ডেস্ক

২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:৩১

বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের শিবিরে নেমে এসেছে দুশ্চিন্তার ছায়া। দলের অন্যতম ভরসার ব্যাটসম্যান টিম ডেভিড চোটে পড়ায় বড় ধাক্কা খেয়েছে রিশাদ হোসেনের দল। একই সঙ্গে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকায় উদ্বেগ বেড়েছে অস্ট্রেলিয়ান শিবিরেও।

শুক্রবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে ম্যাচে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলতে নেমেছিলেন ডেভিড। ২৮ বলে ৪২ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের পথে এগিয়ে দেন তিনি। তবে ইনিংসের মাঝেই রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন এই তারকা ব্যাটসম্যান। ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই মাঠ ছাড়েন তিনি।

চলতি বছরে এটি ডেভিডের দ্বিতীয় হ্যামস্ট্রিং ইনজুরি। এর আগে আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে একই চোটে পড়েছিলেন তিনি এবং দুই মাস মাঠের বাইরে ছিলেন। এবারও চোটের সময়টি এসেছে সবচেয়ে সংবেদনশীল মুহূর্তে, যেখানে মাসখানেক পরেই শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে বর্তমানে টিম ডেভিড একজন অপরিহার্য সদস্য। ফিনিশারের ভূমিকা ছাড়িয়ে চলতি বছরে চার ও পাঁচ নম্বরে ব্যাট করে দুর্দান্ত ফর্ম দেখিয়েছেন ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। তার অনুপস্থিতি রিশাদদের হোবার্ট হারিকেন্সের ব্যাটিং কম্বিনেশনে বড় প্রভাব ফেলতে পারে।

শনিবার স্ক্যানের পরই জানা যাবে, চোট কতটা গুরুতর এবং কতদিন মাঠের বাইরে থাকতে হবে ডেভিডকে। ম্যাচ শেষে চ্যানেল সেভেনকে দেওয়া সাক্ষাৎকারে নিজেই শঙ্কার কথা জানান তিনি। ডেভিড বলেন, ‘দ্বিতীয় রান নেওয়ার সময় কিছু একটা অনুভব করি। খুব ভালো কিছু ছিল না। চাইনি মাঠে থেকে পরিস্থিতি আরও খারাপ হোক। এখন স্ক্যানের অপেক্ষায় আছি।’

ডেভিডের চোটে হতাশ দলের অধিনায়ক ন্যাথান এলিসও। তিনি বলেন, ‘হারিকেন্সের কিছু ম্যাচে তাকে না পাওয়া আমাদের জন্য খুব কষ্টের। একই সঙ্গে সে অস্ট্রেলিয়ার জন্যও ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করছি, চোট খুব গুরুতর নয়।’

এমআই