Advertisement
Us Bangla Airlines
বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে রিশাদ

বিগ ব্যাশে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে রিশাদ

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪

ক্যাচে নৈপুণ্য, বোলিংয়ে ধার—বিগ ব্যাশ লিগে ম্যাচে ম্যাচে নিজের গুরুত্ব আরও স্পষ্ট করে তুলছেন রিশাদ হোসেন। দুর্দান্ত এক ক্যাচের পর বল হাতে তুলে নিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। সব মিলিয়ে টুর্নামেন্টে পাঁচ ম্যাচে তার উইকেট এখন ৮টি। স্পিনারদের মধ্যে তিনি শীর্ষে, আর সামগ্রিকভাবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি বোলার।

সোমবার হোবার্ট হারিকেন্সের হয়ে মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে দারুণ অলরাউন্ড অবদান রাখেন এই লেগ স্পিনার। ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেওয়ার পাশাপাশি নেন চোখধাঁধানো একটি ক্যাচ। তার করা ৯টি বলেই কোনো রান আসেনি, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছে।

ঘটনাটা ম্যাচের শুরুতেই। ন্যাথান এলিসের স্লোয়ার ডেলিভারি লেগ সাইডে খেলতে গিয়ে জশ ব্রাউনের ব্যাটে লেগে বল উঠে যায় অফ সাইডে। শর্ট থার্ডম্যান থেকে বলের দিকে চোখ রেখে বেশ খানিকটা পেছনে ছুটে গিয়ে নিখুঁত টাইমিংয়ে ক্যাচ তালুবন্দি করেন রিশাদ। তাতেই ভাঙে রেনিগেডসের ৩৮ রানের উড়ন্ত শুরুর জুটি।

বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে আগ্রাসী শুরু করেছিল রেনিগেডস। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে রিশাদ দেন ৮ রান। প্রথম বলে টিম সাইফার্ট নেন ৩ রান, পরের পাঁচ বলে আসে পাঁচটি সিঙ্গল। পাওয়ার প্লের শেষ ওভারে সাইফার্ট আউট হলেও রিশাদের নিয়ন্ত্রিত বোলিং রেনিগেডসের রান তোলার গতি কিছুটা হলেও শ্লথ করে দেয়।

সপ্তম ওভারে তার তৃতীয় বলে সুইপ করে চার মারেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু পরের বলেই রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়ে যান পাকিস্তানের এই ব্যাটসম্যান। ওই ওভারে মাত্র ৬ রান দিয়ে বড় একটি উইকেট তুলে নেন রিশাদ।

পরের ওভারে প্রথম বলেই আবারও উইকেটের সুযোগ তৈরি করেছিলেন তিনি। অলিভার পিককে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচের সুযোগ দেন, কিন্তু নিখিল চৌধুরি বল হাতে নিতে না পারায় সেটি ছক্কায় রূপ নেয়। পড়ে গিয়ে কাঁধে আঘাত পান চৌধুরি, মাঠ ছাড়তে হয় তাকে।

এরপরও দমে যাননি রিশাদ। ওই ওভারে জেইক ফ্রেজার-ম্যাকগার্কের ছক্কার জবাব দেন পরের বলেই। প্যাডল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ধরা পড়ে ফেরেন ২৩ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। নিজের কোটার শেষ ওভারে একটি বাউন্ডারি হজম করলেও মাত্র ৫ রান দেন রিশাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটে ১৬২ রান তোলে রেনিগেডস।

এমআই