জ্যাকির জায়গায় নতুন কোচ নিল ঢাকা ক্যাপিটালস
খেলা ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০
হঠাৎ নেমে আসা শোকের ছায়ার মধ্যেই নতুন বাস্তবতার পথে হাঁটতে হলো ঢাকা ক্যাপিটালসকে। সহকারী কোচ মাহবুব আলী জ্যাকির আকস্মিক প্রয়াণের পর তার শূন্যতা পূরণে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। জ্যাকির জায়গায় সহকারী কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ কোচ আশিকুর রহমান মজুমদার।
গত শনিবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর মিনিট বিশেক আগে অনুশীলনে ব্যস্ত ছিলেন ঢাকার ক্রিকেটাররা। সেই সময় খেলোয়াড়দের সঙ্গে কাজ করছিলেন জ্যাকি। আচমকাই অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দ্রুত সিপিআর দেওয়া হয় এবং তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।

আশঙ্কাজনক অবস্থায় সিলেটের আল হারামাইন হাসপাতালে আইসিইউতে ভর্তি করানো হয়েছিল তাকে। পরে তার মরদেহ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আনা হয় এবং সেখানেই জানাজা অনুষ্ঠিত হয়। শোকাবহ এই ঘটনার মধ্যেই দলের প্রস্তুতি ও কাঠামো ঠিক রাখতে সহকারী কোচ হিসেবে নতুন নাম ঘোষণা করে ঢাকা ক্যাপিটালস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়, আশিকুর রহমান মজুমদারকে সহকারী কোচ হিসেবে যুক্ত করা হয়েছে। ইতোমধ্যেই তিনি সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন।
কোচিং অঙ্গনে পরিচিত মুখ আশিক। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পাশাপাশি জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের সহকারী কোচ হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এমআই