Advertisement
Us Bangla Airlines
নোয়াখালীর হ্যাটট্রিক হারের ম্যাচে জিতল রাজশাহী

নোয়াখালীর হ্যাটট্রিক হারের ম্যাচে জিতল রাজশাহী

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নবাগত নোয়াখালীর দুর্দশা যেন কাটছেই না। বড় স্বপ্ন নিয়ে প্রথমবারের মতো বিপিএলে পা রাখা দলটি রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে হেরে টানা তৃতীয় ম্যাচেও পরাজয়ের স্বাদ পেল। ৬ উইকেটের এই জয়ে রাজশাহী তুলে নিল টানা দ্বিতীয় জয়। পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা পেল পদ্মার পাড়ের দলটি।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আজ নোয়াখালীকে ব্যাট করার আমন্ত্রণ জানান রাজশাহীর অধিনায়ক শান্ত। ব্যাট করতে নেমে নোয়াখালীর শুরুটা ছিল নড়বড়ে। হাবিবুর রহমান সোহান ৫ ও সাব্বির হোসেন ৬ রান করে দ্রুত ফিরলে চাপে পড়ে দলটি। ওপেনার মাজ সাদাকাত ১৯ বলে ২৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।

মাঝের ওভারে মন্থর গতিতে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন মাহিদুল ইসলাম অঙ্কন ও অধিনায়ক হায়দার আলী। অঙ্কন ২২ রান করে ফিরলেও হায়দার খেলেন দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস। এরপর ব্যাটিং ধস নামে নোয়াখালীর ইনিংসে।

শেষ দিকের ব্যাটারদের মধ্যে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল মেহেদী হাসান রানা। মূলত বোলার হিসেবে খেলা এই ক্রিকেটার দুই বাউন্ডারিতে করেছেন ১১ রান। এছাড়া জাকের আলি ৬, রেজাউর রহমান রাজা ১ ও হাসান মাহমুদ শূন্য রানে আউট হয়েছেন।

সবমিলিয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২৪ রানেই থামে নোয়াখালী। রাজশাহীর হয়ে দারুণ বোলিং করেন রিপন মণ্ডল। ডানহাতি এই পেসার একাই নেন ৪টি উইকেট। তানজিম হাসান সাকিব শিকার করেন দুটি, আর বাকি দুটি উইকেট ভাগাভাগি করে নেন হোসাইন তালাত ও বিনুরা ফার্নান্দো।

১২৫ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারেই ওপেনার শাহিবজাদা ফারহানকে হারায় রাজশাহী। তবে দ্বিতীয় উইকেটে গড়া ৬৫ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় দলটি। তানজিদ করেন ২৯ ও অধিনায়ক শান্ত যোগ করেন ২৪ রান। হোসাইন তালাত ৩ রান করে আউট হলেও এরপর আর বিপদ বাড়তে দেননি অভিজ্ঞরা।

শেষ পর্যন্ত ইয়াসির আলী রাব্বিকে সঙ্গে নিয়ে শান্তভাবে ম্যাচ শেষ করেন মুশফিকুর রহিম। ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। এই জয়ে ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে রাজশাহী। অন্যদিকে, তিন ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়া নোয়াখালীর অবস্থান এখন তলানিতে।

এমআই