Advertisement
Us Bangla Airlines
তৃতীয় বোলার হিসেবে যে রেকর্ড গড়লেন ফাহিম আশরাফ

তৃতীয় বোলার হিসেবে যে রেকর্ড গড়লেন ফাহিম আশরাফ

খেলা ডেস্ক

২৯ ডিসেম্বর ২০২৫, ২২:৪৫

বিপিএলের মঞ্চে আরেকটি স্মরণীয় দিন উপহার দিলেন ফাহিম আশরাফ। নিজেদের প্রথম ম্যাচেই চট্টগ্রামকে ৭ উইকেটে হারিয়ে দারুণ শুরু করল রংপুর রাইডার্স। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই জয়ের প্রধান কারিগর ছিলেন পাকিস্তানের এই মিডিয়াম পেসার। ৫ উইকেট নিয়ে ভেঙে দেন প্রতিপক্ষের ব্যাটিং কাঠামো।

এই ফাইফার ফাহিম আশরাফের বিপিএল ক্যারিয়ারের দ্বিতীয়। চলতি বছরের শুরুতে মিরপুরে ফরচুন বরিশালের হয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এর মধ্য দিয়ে বিপিএলের ইতিহাসে একাধিকবার ৫ উইকেট নেওয়া মাত্র তৃতীয় বোলার হিসেবে নাম লেখালেন ফাহিম।

এর আগে দুইবার করে এই কীর্তি গড়েছেন থিসারা পেরেরা ও তাসকিন আহমেদ। যেখানে থিসারা বিপিএলে খেলেছেন ৮৮ ম্যাচ এবং তাসকিন ৯০ ম্যাচ, সেখানে ফাহিম আশরাফ মাত্র ২০ ম্যাচেই ছুঁয়ে ফেললেন এই অনন্য মাইলফলক। সংখ্যার হিসেবে যা নিঃসন্দেহে ব্যতিক্রমী।

ম্যাচে নাঈম শেখ ও জয়দের জন্য ফাহিমের স্পেল ছিল একপ্রকার দুঃস্বপ্ন। নিখুঁত লাইন-লেন্থের সঙ্গে বুদ্ধিদীপ্ত স্লোয়ারে বারবার বিভ্রান্ত হয়েছেন চট্টগ্রামের ব্যাটাররা। তার দুর্দান্ত বোলিংয়েই ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় রংপুরের হাতে, আর পুরস্কার হিসেবে ম্যাচসেরার স্বীকৃতি ওঠে ফাহিমের হাতে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা খুবই সাধারণ ছিল। কন্ডিশন বুঝে সেভাবেই বল করা—দল হিসেবে সেটাই করেছি। আমার বোলিংয়ের পরিকল্পনাও সিম্পল। আমার যা আছে, সেটুকুই সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করি।’

দলের শক্তি নিয়েও সন্তুষ্টির কথা জানান তিনি। ফাহিম বলেন, ‘আমাদের স্কোয়াডে অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে—মাহমুদউল্লাহ, মালানসহ আরও অনেকে। এই অভিজ্ঞতা আমাদের জন্য বড় প্লাস।’

এমআই