Advertisement
Us Bangla Airlines
এক রানের জন্য রেকর্ড ছুঁতে পারেননি যে ৫ ব্যাটার

এক রানের জন্য রেকর্ড ছুঁতে পারেননি যে ৫ ব্যাটার

খেলা ডেস্ক

৩০ ডিসেম্বর ২০২৫, ২২:৪২

ক্রিকেটে শতক মানেই আলাদা গৌরব। কিন্তু কখনো কখনো মাত্র এক রানের ব্যবধান ব্যাটারকে এনে দেয় আক্ষেপের, অপূর্ণতার ভিন্ন এক পরিচয়। বিগ ব্যাশ লিগে ঠিক এমনই এক তালিকায় নতুন করে যুক্ত হলেন পার্থ স্কর্চার্স অধিনায়ক অ্যাশটন টার্নার। মঙ্গলবার সিডনি থান্ডারের বিপক্ষে বিগ ব্যাশের ম্যাচে ৪১ বলে অপরাজিত ৯৯ রান করেন টার্নার।

৮টি চার ও ৮টি ছক্কায় গড়া এই বিধ্বংসী ইনিংসের ৮০ রানই এসেছে বাউন্ডারি থেকে। শেষ ওভারে ৮৬ রান নিয়ে শুরু করে প্রথম দুই বলে দুটি ছক্কা হাঁকান তিনি। তৃতীয় বলে সিঙ্গল নিয়ে পৌঁছে যান ৯৯ রানে। কিন্তু বাকি তিন বলে আর স্ট্রাইক না পাওয়ায় শতক পূরণের সুযোগ আর আসেনি। তাতে বিগ ব্যাশে ৯৯ রানে আটকে যাওয়া পঞ্চম ব্যাটার হলেন তিনি।

এর আগে এমন আক্ষেপের ইনিংস খেলেছেন আরও চার তারকা। ২০১১ সালে মেলবোর্ন রেনিগেডসের বিপক্ষে রান তাড়ায় ৫২ বলে অপরাজিত ৯৯ করে দলকে জিতিয়ে ফেরেন শন মার্শ। ২০১৭ সালে মেলবোর্ন স্টার্সের হয়ে ব্রিসবেন হিটের বিপক্ষে ৫১ বলে ৯৯ রান করে রান আউট হন মার্কাস স্টয়নিস।

২০২১ সালে সিডনি সিক্সার্সের হয়ে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ৯৯ রান করেন জশ ফিলিপ। সর্বশেষ ২০২৩ সালে ব্রিসবেন হিটের হয়ে মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ৬১ বলে অপরাজিত ৯৯ রান করেন কলিন মানরো। ৩২ বছর বয়সী টার্নারের জন্য এটাই টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

এদিন পাওয়ার প্লের শেষ ওভারে স্কর্চার্স যখন ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে, তখন পাঁচ নম্বরে নামেন টার্নার। ধীরে শুরু করলেও দ্রুতই গতি বাড়ান তিনি। নবম ওভারে গ্রিস গ্রিনকে তিন ছক্কা ও একটি চার মারেন। লেগ স্পিনার তানভির স্যাঙ্ঘাকে ছক্কায় উড়িয়ে মাত্র ২২ বলে পূর্ণ করেন ফিফটি।

১৯তম ওভারে রিস টপলির বিপক্ষে পরপর চার ও ছক্কা মেরে ছাড়িয়ে যান নিজের আগের সেরা ইনিংসকে। আগের সেরা ছিল ২০২৩ সালে, সিডনি সিক্সার্সের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৮৪ রান। টার্নারের আগ্রাসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৭১ রানের জয় পায় তার দল পার্থ স্কর্চার্স।

এমআই