১৩ বছর বয়সী ছোট ভাইকে হারালেন সিকান্দার রাজা
খেলা ডেস্ক
৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
ব্যক্তিগত জীবনে গভীর শোকের মধ্যে দিয়ে যাচ্ছেন জিম্বাবুয়ে ক্রিকেট দলের অধিনায়ক সিকান্দার রাজা। তাঁর ছোট ভাই মুহাম্মদ মাহদির মৃত্যুতে ভেঙে পড়েছেন এই তারকা অলরাউন্ডার। মঙ্গলবার হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
জানা গেছে, ২৯ ডিসেম্বর ২০২৫ হারারেতে মাত্র ১৩ বছর বয়সে মারা যান মুহাম্মদ মাহদি। জন্মগতভাবে তিনি হিমোফিলিয়ায় আক্রান্ত ছিলেন। যা একটি বিরল রোগ, যেখানে রক্ত স্বাভাবিকভাবে জমাট বাঁধতে পারে না। সাম্প্রতিক স্বাস্থ্যগত জটিলতার কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
পরদিন ৩০ ডিসেম্বর হারারেতে ওয়ারেন হিলস কবরস্থানে মাহদিকে দাফন করা হয়। এই শোকাবহ ঘটনায় এক বিবৃতিতে সিকান্দার রাজা ও তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট।
বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘এই কঠিন সময়ে আমরা রাজা ও তাঁর পরিবারের পাশে আছি। তাঁদের জন্য প্রার্থনা যেন তাঁরা শক্তি, সান্ত্বনা ও মানসিক শান্তি খুঁজে পান।’
জিম্বাবুয়ের ক্রিকেটে সিকান্দার রাজা শুধু একজন সফল ক্রিকেটারই নন, বরং অনুপ্রেরণার নাম। এমন সময়ে এত অল্প বয়সে ভাইকে হারানো যে কোনো পরিবারের জন্যই অপূরণীয় ক্ষতি। এই দুঃসময়ে রাজা পরিবারের প্রতি সমর্থন জানাতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন।
এমআই