Advertisement
Us Bangla Airlines
মোস্তাফিজকে কেন মিস করছেন মোহাম্মদ নবী

মোস্তাফিজকে কেন মিস করছেন মোহাম্মদ নবী

খেলা ডেস্ক

০২ জানুয়ারি ২০২৬, ১৯:৫৯

আইএল টি-টোয়েন্টি ছেড়ে অনেক আগেই দেশে ফিরে গেছেন মোস্তাফিজুর রহমান। রংপুর রাইডার্সের হয়ে বিপিএলেও খেলে ফেলেছেন একাধিক ম্যাচ। তবে সংযুক্ত আরব আমিরাতে তার রেখে যাওয়া প্রভাব এখনও টাটকা। এলিমিনেটর ম্যাচে বিদায়ের পর দুবাই ক্যাপিটালস অধিনায়ক মোহাম্মাদ নবীর কণ্ঠে যে আক্ষেপ শোনা গেল, সেটাই তার প্রমাণ।

বৃহস্পতিবার আইএল টি-টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে দুবাইয়ে আবুধাবি নাইট রাইডার্সের কাছে ৫০ রানের বড় ব্যবধানে হেরে যায় দুবাই ক্যাপিটালস। এই ম্যাচে না থাকলেও টুর্নামেন্ট জুড়ে দুবাইয়ের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ছিলেন মোস্তাফিজ। বিপিএলে খেলতে চলে যাওয়ার আগ পর্যন্ত দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন বাঁহাতি এই পেসার।

এটাই ছিল মোস্তাফিজুর রহমানের প্রথম আইএল টি-টোয়েন্টি আসর। মাত্র ৮ ম্যাচ খেলেই শিকার করেন ১৫টি উইকেট। টুর্নামেন্ট ছাড়ার সময় পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন তিনি। এমনকি তার বিদায়ের পরও দুবাই ক্যাপিটালসের হয়ে সবচেয়ে সফল পেসার হিসেবেই নাম ছিল ফিজের।

দলের দ্বিতীয় সফল পেসার ডেভিড উইলি ১১ ম্যাচে নিতে পেরেছেন মাত্র ৬ উইকেট। বাকি বোলারদের অবস্থাও ছন্নছাড়া বলা চলে। ফলে এলিমিনেটরে হারার পর মোস্তাফিজের অভাবটা স্পষ্টভাবেই অনুভব করেন দুবাই ক্যাপিটালসের অধিনায়ক মোহাম্মদ নবী। 

ম্যাচ শেষে নবী বলেন, ‘ফিজ ছিল আমাদের জন্য একটু বেশি মূল্যবান ক্রিকেটার। সে ছিল উইকেট নেওয়ার মতো বোলার। আমরা তাকে অনেক মিস করেছি। ডেথ ওভারে রান আটকে রাখার পাশাপাশি উইকেট নেওয়ার যে ক্ষমতা তার আছে, সেটা আমাদের খুব দরকার ছিল। হ্যাঁ, তার অভাব আমরা অনুভব করেছি।’

বর্তমানে বিপিএলে ব্যস্ত সময় পার করছেন মোস্তাফিজুর রহমান। সামনে তার অপেক্ষায় আরও বড় মঞ্চ। বিপিএল শেষে তিনি খেলবেন বাংলাদেশের হয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। এরপর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে মাঠে নামবেন এই কাটার মাস্টার। ৯ কোটি ২০ লাখ রুপিতে এবার তাকে দলে নিয়েছে কলকাতার ফ্র্যাঞ্চাইজি।

এমআই