Advertisement
Us Bangla Airlines
২৫৫৪ দিন পর বিপিএলে এমন ইনিংস দেখা গেল

২৫৫৪ দিন পর বিপিএলে এমন ইনিংস দেখা গেল

খেলা ডেস্ক

০৫ জানুয়ারি ২০২৬, ১৬:১৭

ব্যর্থতার শিকল ভাঙতে পারছে না বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নেওয়া নোয়াখালী এক্সপ্রেস। বিপিএলের প্রথম তিন ম্যাচ হারার পর চতুর্থ ম্যাচেও একই দৃশ্য দেখা গেল। সিলেট টাইটানসের বিপক্ষে নোয়াখালী ব্যাটিং লাইনআপ যা দেখাল, বিপিএলে এমন দৃশ্য দেখা গেল প্রায় ৭ বছর পর।

সোমবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নামে নোয়াখালী। পরাজয় এড়াতে এদিন একাধিক পরিবর্তন নিয়ে নামে হায়দার আলীর দল। ওপেনিং জুটিতে প্রথমবারের মতো দেখা গিয়েছে সরাসরি চুক্তিতে দলে আসা সৌম্য সরকার। এছাড়া অভিজ্ঞ আফগান তারকা মোহাম্মদ নবীও যুক্ত হয়েছেন এই দলে।

সৌম্য-সোহানের ওপেনিং জুটিতে থেকে ২৪ রান সংগ্রহ করে নোয়াখালী। বিপিএলে এটাই নোয়াখালীর ওপেনিং জুটির সর্বোচ্চ রান। নাসুমের বলে সুইপ করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দেন সৌম্য সরকার। এরপর তাসের ঘরের মতো ভাঙতে থাকে নোয়াখালীর ব্যাটিং লাইনআপ।

পাওয়ার প্লেতে তিন উইকেট হারানো নোয়াখালী মাত্র ৬১ রানে সব উইকেট হারিয়ে বসে। গত সাত বছরের বিপিএলে এটাই কোনো দলের সর্বনিম্ন ইনিংস। ২০১৯ সালের ৮ জানুয়ারি রংপুরের বিপক্ষে ৬৩ রানে আউট হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ানস। সময়ের হিসাবে, ২৫৫৪ দিন পর এত অল্প রানে আউট হয়েছে কোনো দল।

বিপিএলে ৬৫ রানের নিচে অলআউট হয়েছে মাত্র ৫ দল। এই তালিকায় সবশেষ নাম নোয়াখালী এক্সপ্রেস। এর আগে ২০১৬ সালে ৪৪ রানে সব উইকেট হারিয়ে এই তালিকায় শীর্ষে আছে খুলনা টাইগারস। এছাড়া ৫৮ রানে বরিশাল বুলস ও ৫৯ রানে সিলেট সুপার স্টারস সব উইকেট হারিয়ে লজ্জার তালিকায় যথাক্রমে অবস্থান নিয়েছে।

এদিকে নোয়াখালী ৬১ রানে অলআউট করে সহজ জয় পেয়েছে সিলেট টাইটানস। ৬৮ বল হাতে রেখেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। বিপিএলে এটা সিলেটের তৃতীয় জয়। নোয়াখালীর পাঁচ ব্যাটারকে আউট করে ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এমআই