রেকর্ডের দ্বিতীয় স্থানে নাসুম, প্রথম বোলার কে?
খেলা ডেস্ক
০৫ জানুয়ারি ২০২৬, ২২:০৬
১৩ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ার, খেলেছেন ১৪৭ ম্যাচ। অথচ এতদিন পাঁচ উইকেটের স্বাদ পাননি নাসুম আহমেদ। সেই অপেক্ষার অবসান হলো একেবারে রেকর্ড গড়া দিনে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে মাত্র ৭ রান খরচায় ৫ উইকেট নিয়ে ইতিহাসে নাম লেখালেন বাঁহাতি এই স্পিনার।
এই পারফরম্যান্স শুধু ম্যাচ জেতানোর গল্প নয়, এটি জায়গা করে নিয়েছে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ডবুকেও। স্বীকৃত টি-টোয়েন্টিতে এত কম রান দিয়ে অন্তত পাঁচ উইকেট নেওয়ার তালিকায় বাংলাদেশিদের মধ্যে নাসুম এখন দ্বিতীয়। তাতেই প্রশ্ন ওঠেছে, এই তালিকায় প্রথম বোলার কে?
সোমবার (৫ জানুয়ারি) ব্যাটিং বিপর্যয়ে সিলেটের বিপক্ষে মাত্র ৬১ রানে গুটিয়ে যায় নোয়াখালী। সেই ধস নামানোর মূল কারিগর নাসুমই। নিখুঁত লাইন-লেন্থে স্পেল শেষ করেন ৫ উইকেট নিয়ে, খরচ মাত্র ৭ রান। বিপিএলের ইতিহাসে এটি যৌথভাবে চতুর্থ সেরা বোলিং ফিগার।
কিন্তু বাংলাদেশের সেরা রেকর্ডটা এখনও সাকিব আল হাসানের দখলে। ২০১৩ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্রিজটাউনে ত্রিনিদাদ রেড স্টিলের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। সেই ঐতিহাসিক স্পেলই বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে কম রানে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার সেরা কীর্তি।
বাংলাদেশের মাটিতে সবচেয়ে কম রানে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার তালিকায় নাসুম অবশ্য যৌথভাবে তৃতীয় স্থানে। এই তালিকার শীর্ষে আছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার রঙ্গনা হেরাথ, যিনি ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৩ রানে ৫ উইকেট নিয়েছিলেন।
আর বিশ্ব টি-টোয়েন্টির সর্বনিম্ন রানের পাঁচ উইকেটের রেকর্ডটি ইন্দোনেশিয়ার গেদে প্রিয়ান্দানার। গত ২৩ ডিসেম্বর বালিতে কম্বোডিয়ার বিপক্ষে ১ রান খরচ করে শিকার করেছেন ৫ উইকেট। প্রিয়ান্দানার এক ওভারেই ৫ উইকেট শিকার করা বিশ্ব ক্রিকেটে বেশ বিস্ময়ের জন্ম দিয়েছে।
এমআই