Advertisement
Us Bangla Airlines
‘পরের বছর নাম দেওয়ার আগে ভাবতে হবে’

‘পরের বছর নাম দেওয়ার আগে ভাবতে হবে’

খেলা ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

আইপিএলের ঝলমলে আলোয় হঠাৎ করেই নেমেছে অনিশ্চয়তার ছায়া। দিন কয়েক আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় শুধু একজন ক্রিকেটারই নন, প্রশ্নের মুখে পড়েছে বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএল ভবিষ্যতও। এমনকি বিশ্বকাপে বাংলাদেশের খেলাও এখন দোলাচলে।

মোস্তাফিজ ইস্যুর পরপরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির কাছে বিকল্প ভেন্যু চাওয়া, আইপিএল সম্প্রচার বন্ধ রাখা এবং প্রতিকার চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠানো—সব মিলিয়ে প্রতিবাদের ভাষা স্পষ্ট করেছে বোর্ড। এই ঘটনার প্রতিক্রিয়া স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়েছে দেশের ক্রিকেটাঙ্গনে।

এবার সেই প্রতিক্রিয়ার প্রকাশ ঘটল মাঠের ক্রিকেটারদের কণ্ঠে। মঙ্গলবার সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মোস্তাফিজ প্রসঙ্গে নিজের অবস্থান জানালেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব। সোজাসাপ্টা ভাষায় জানিয়ে দিলেন, আগামী দিনে আইপিএল নিয়ে সিদ্ধান্ত নিতে হবে আরও ভেবেচিন্তে।

সাকিব বলেন, ‘আইপিএল থেকে উনাকে কেন সরানো হলো বা কেন এমন হলো এটা আসলে আমরা জানি না। রাজনৈতিক ইস্যু থাকতে পারে, তবে ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা প্লেয়ার হিসেবে আইপিএল খেলার ইচ্ছা রাখি এবং সেই হিসেবেই নাম দিই। পরের বছর কী হবে, সেটা এজেন্ট এবং দেশের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব।’

মুস্তাফিজ ইস্যুতে বিসিবির সঙ্গে জড়িয়ে পড়েছে বাংলাদেশ সরকার। তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছর আইপিএলের সম্প্রচার বা এই সংক্রান্ত কোনো অনুষ্ঠানও যেন প্রচার না করা হয়। একইসাথে নিরাপত্তার কথা বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ।

এমআই