‘বিশ্বকাপে এক্স-ফ্যাক্টর হবেন রিশাদ’
খেলা ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৬, ২২:১৫
বিপিএলের উত্তাপ চললেও অস্ট্রেলিয়ার মাটিতে নিজেকে প্রমাণ করতে ব্যস্ত রিশাদ হোসেন। বিগ ব্যাশে হোবার্ট হারিকেন্সের জার্সিতে দারুণ ছন্দে আছেন এই লেগ স্পিনার। ফর্মের তুঙ্গে থাকা রিশাদ সাত ম্যাচে ২৫.৩৭ গড়ে তুলে নিয়েছেন ৮ উইকেট। সংখ্যার চেয়েও বড় কথা, প্রায় প্রতি ম্যাচেই দলের জন্য হয়ে উঠছেন নির্ভরতার নাম।
রিশাদের এই পারফরম্যান্স চোখ এড়ায়নি দেশের ক্রিকেট সংশ্লিষ্টদেরও। বিগ ব্যাশে তার নৈপুণ্যে মুগ্ধ সিলেট টাইটান্সের ব্যাটিং কোচ ইমরুল কায়েস। মেলবোর্নে রিশাদের সঙ্গে দেখা হয়েছিল সাবেক এই ওপেনারের। সেখানেই কাছ থেকে দেখেছেন, কীভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট সংস্কৃতিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তরুণ এই স্পিনার।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন রিশাদ, মনে করছেন ইমরুল। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘মেলবোর্নে রিশাদের সঙ্গে আমার দেখা হয়েছে। ওখানকার ক্রিকেট কালচার আর বন্ধুত্বপূর্ণ পরিবেশ ও দারুণ উপভোগ করছে। রিশাদ ভালো করছে, এটা আমাদের সবার জন্য গর্বের।’
প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমেই আলো কাড়ছেন রিশাদ। অস্ট্রেলিয়ার গতিময় ও বাউন্সি কন্ডিশনে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতাই তাকে আলাদা করে তুলেছে। বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে, যেখানে স্পিনারদের জন্য বাড়তি সহায়তা থাকার সম্ভাবনাই বেশি। সেই হিসাবেই রিশাদের ভূমিকা নিয়ে আশাবাদী ইমরুল।
বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্স কেমন হবে, তা নিয়ে ইমরুল বলেন, ‘নির্বাচকরা ভেবেচিন্তেই দল গঠন করেছেন। রিশাদ অনেক আত্মবিশ্বাস নিয়ে দেশে ফিরবে। ভারতীয় কন্ডিশনে উইকেট টার্ন করলে ও দলের জন্য বড় অবদান রাখতে পারবে, তখনই ও বিশ্বকাপে এক্স-ফ্যাক্টর হয়ে উঠবে।’
দেশের লেগ-স্পিন সংকট নিয়েও আক্ষেপ ঝরেছে ইমরুলের কণ্ঠে। তাঁর মতে, ‘অস্ট্রেলিয়ায় ছোটবেলা থেকেই ছেলেরা লেগ-স্পিন করতে চায়, কিন্তু আমাদের দেশে এর চর্চা কম। রিশাদ বা সোহাগের মতো প্রতিভাদের নিয়মিত সুযোগ না দিলে তারা হারিয়ে যাবে।’
এমআই