নাসিরের ক্যারিয়ারসেরা ইনিংসে জয়ের দেখা পেল ঢাকা
খেলা ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৫২
ব্যর্থতার মিছিলে যেন আলোর দিশারি হয়ে দাঁড়িয়েছেন ঢাকা ক্যাপিটালসের নাসির হোসেন। নোয়াখালীর বিপক্ষে ক্যারিয়ারসেরা ইনিংসে দলকে জয় এনে দিয়েছেন এই ব্যাটার। নাসিরের ৯০ রানের ইনিংসে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল ঢাকা ক্যাপিটালস। বিপরীতে টানা পঞ্চম হারের দেখা পেল নোয়াখালী এক্সপ্রেস।
বুধবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নড়বড়ে শুরু পায় নোয়াখালী। মাত্র ৪০ রানের মধ্যেই সাজঘরে ফেরেন প্রথম পাঁচ ব্যাটার। বিপর্যয়ের মধ্যে ষষ্ঠ উইকেটে হাল ধরেন অধিনায়ক হায়দার আলী ও অভিজ্ঞ মোহাম্মদ নবী। চাপ সামলে দুজন মিলে গড়েন ৯০ রানের গুরুত্বপূর্ণ জুটি।

হায়দার খেলেন ৩৬ বলে ৪৭ রানের কার্যকর ইনিংস, আর নবী ৩৩ বলে ৪২ রান করে থাকেন অপরাজিত। মাজ সাদাকাতের ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রান। তবে বাকিদের ব্যর্থতায় ২০ ওভারে ৬ উইকেটে ১৩৩ রানেই থামে নোয়াখালী। ঢাকা ক্যাপিটালসের ছয়জন বোলারই নেন একটি করে উইকেট।
১৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে ঢাকা ক্যাপিটালস। কিন্তু দ্বিতীয় উইকেটে নামা নাসির হোসেন চাপকে পাত্তাই দিলেন না। পাওয়ার প্লেতেই ব্যাট হাতে তাণ্ডব চালান তিনি। প্রথম ছয় ওভারে ঢাকার স্কোরবোর্ডে যোগ হয় ৬৪ রান, যার ৫৬ রানই আসে নাসিরের ব্যাট থেকে।
এর মাঝেই মাত্র ২১ বলে ফিফটি পূর্ণ করেন এই ডানহাতি অলরাউন্ডার। এবারের বিপিএলে এটিই দ্রুততম অর্ধশতক। এখানেই থামেননি নাসির। শেষ পর্যন্ত ৫০ বলে ৯০ রানের ক্যারিয়ারসেরা ইনিংস খেলে দলকে নিশ্চিত জয়ের বন্দরে ভেড়ান তিনি। সঙ্গী হিসেবে ২৯ রানে অপরাজিত থাকেন ইমাদ ওয়াসিম।
এমআই