Advertisement
Us Bangla Airlines
হঠাৎ বিপিএল ছেড়ে চলে গেলেন মোহাম্মদ আমির!

হঠাৎ বিপিএল ছেড়ে চলে গেলেন মোহাম্মদ আমির!

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৬, ১৯:২৩

পুরো মৌসুম খেলতে চুক্তিবদ্ধ হয়েছিলেন, শুরুটাও করেছিলেন নিয়মিত। অথচ টুর্নামেন্টের মাঝপথেই আচমকা বিপিএল ছাড়লেন মোহাম্মদ আমির। সিলেট টাইটানসের হয়ে মাত্র ছয় ম্যাচ খেলেই বাংলাদেশ ছাড়লেন পাকিস্তানের বাঁহাতি পেসার। দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে পাকিস্তানে ফিরে গেছেন বলে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটানস।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে অংশ না নেওয়ায় বিপিএল শুরুর আগেই বাংলাদেশে আসেন আমির। সিলেটের প্রথম ম্যাচ থেকেই একাদশে ছিলেন তিনি। পুরো মৌসুমের জন্য পাকিস্তানের সাবেক এই তারকার সঙ্গে সরাসরি চুক্তি করেছিল সিলেট টাইটানস। তবে টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নেন অভিজ্ঞ এই পেসার।

হঠাৎ কেন বিপিএল ছেড়ে চলে গেলেন আমির, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সিলেট। ফ্র্যাঞ্চাইজিটির বিবৃতিতে জানানো হয়েছে, দুই পক্ষের পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী, আমিরের মোট পারিশ্রমিকের ৭০ শতাংশ পরিশোধ করা হয়েছে।

এখন পর্যন্ত সিলেটের হয়ে ছয় ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছেন আমির। একই সময়ে বিপিএল ছাড়ছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার সাইম আইয়ুবও। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দেশে ফিরতে হয়েছে।

সিলেটের হয়ে চার ম্যাচ খেলেছেন পাকিস্তানি ওপেনার সাইম। চুক্তি অনুযায়ী সেই চার ম্যাচের পারিশ্রমিক পুরোপুরি পরিশোধ করেছে ফ্র্যাঞ্চাইজিটি। শ্রীলঙ্কা সিরিজ শেষে আবারও বিপিএলে ফেরার সম্ভাবনা রয়েছে তার। তবে আমির ফিরবেন কি না, তা নিয়ে কোনো সুখবর নেই।

এমআই