Advertisement
Us Bangla Airlines
৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে যা বললেন নাসির

৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলে যা বললেন নাসির

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৬, ২১:০৯

দীর্ঘ সময় আলোচনার বাইরে থাকা নাসির হোসেন আবারও আলো ছড়ালেন ব্যাট হাতে। লম্বা বিরতির পর বিপিএলে ফিরে নোয়াখালীর বিপক্ষে খেললেন ঝলমলে ৯০ রানের ইনিংস। ম্যাচ জেতানো এই পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে নিজের অনুভূতি, ব্যাটিং পজিশন এবং দলের কৌশল নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

তাঁর ইনিংসের বড় আকর্ষণ ছিল তিন নম্বরে ব্যাট করা। এই সুযোগ পেয়ে নাসির বলেন, ‘আগে তো কেউ তিন নম্বরে সুযোগই দেয়নি। পারফর্ম করলে ভালো লাগবেই। টি-টোয়েন্টিতে আমার মনে হয় উপরে ব্যাট করলে রান করাটা একটু সহজ হয়। পাওয়ারপ্লেতে ৯ জন ফিল্ডার ভেতরে থাকে, তখন ঝুঁকি নিলে রান আসে।’

নাসিরের ক্যারিয়ারসেরা ইনিংসে জয়ের দেখা পেল ঢাকা

পাওয়ারপ্লেতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের পেছনের ভাবনাটাও ব্যাখ্যা করেন তিনি। নাসির বলেন, ‘আমি সবসময় নতুন বল থাকতে থাকতে ব্যাট করতে পছন্দ করি। আজ ব্যাটেও ভালো লাগছিল। চেষ্টা করেছি যতটা সম্ভব রান তুলে নিতে। পাওয়ারপ্লেতে যত বেশি রান করা যায়, পরে সেটা আর সহজ থাকে না।’

নোয়াখালী আর কিছু রান করলে ম্যাচ কঠিন হতো কি না—এমন প্রশ্নে নাসির তুলে ধরেন দলের মানসিক অবস্থার কথা। ঢাকা ক্যাপিটালসের এই অলরাউন্ডার বলেন, ‘না। আমরা আগের ২–৩টা ম্যাচ হেরেছি। এই অবস্থায় সবচেয়ে দরকার ছিল একটা জয়। মোমেন্টামের জন্য এই জয়টা খুব গুরুত্বপূর্ণ ছিল।’

তিন নম্বরে নামার সিদ্ধান্ত যে পুরোপুরি অধিনায়কের, সেটিও স্পষ্ট করেন তিনি। তিনে নাম্বার সিদ্ধান্ত নিয়ে নাসির জানান, ‘এই সিদ্ধান্তটা অধিনায়ক মিঠুন নিয়েছে। ওদের দলে ডানহাতি-বাঁহাতি দুইজন স্পিনার ছিল। আমরা চাইনি একই সঙ্গে দুইজন ডানহাতি বা বাঁহাতি ব্যাটার ক্রিজে থাকুক।’

এমআই