Advertisement
Us Bangla Airlines
শেষ বলে ছক্কা হাঁকিয়ে মিললো জয়

শেষ বলে ছক্কা হাঁকিয়ে মিললো জয়

খেলা ডেস্ক

০৭ জানুয়ারি ২০২৬, ২২:৫৮

ম্যাচ জয়ের জন্য শেষ বলে প্রয়োজন ছিল চার রান। চাপকে বুড়ো আঙুল দেখিয়ে এক শটে বদলে দিলেন ম্যাচের গল্প। ছক্কা মেরেই দলকে নাটকীয় জয় এনে দিয়েছেন মাত্র ১৯ বছর বয়সী অলিভার পিক। চোখধাঁধানো ছক্কায় মেলবোর্ন রেনেগেডসকে জয়ের ঠিকানায় পৌঁছে দিয়েছেন তিনি।

বুধবার পার্থ স্কর্চার্সের বিপক্ষে বিগ ব্যাশের রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে ছক্কা মেরে ৪ উইকেটের নাটকীয় জয় তুলে নেয় রেনেগেডস। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১০ রান। 

প্রথম বলে ডাবল নেন পিক, দ্বিতীয় রান নিতে গিয়ে অল্পের জন্য রানআউটের ফাঁদে পড়েননি। পরের দুই বলে আসে দুটি এক রান। চতুর্থ বলেও দুই রান নেন তরুণ এই ব্যাটসম্যান। পঞ্চম ডেলিভারিতে ব্যাটে-বলে হয়নি, ডট বল। কিন্তু শেষ বলেই সব হিসাব চুকিয়ে দেন পিক।

অফ স্টাম্পের বাইরে ফুল লেংথ ডেলিভারিতে ফাইন লেগের ওপর দিয়ে তুলে মারেন অনবদ্য ছক্কা। সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে রেনেগেডস শিবির।

ম্যাচটা কিন্তু আগেই হাতছাড়া হয়ে যেতে পারত পিকের। ১৭তম ওভারে ডেভিড পেইনের শর্ট বলে ঠিকমতো টাইমিং করতে না পেরে ক্যাচ তুলে দেন তিনি। কিন্তু পেছনে দৌড়ে গিয়ে ক্যাচ নিতে গিয়ে পড়ে যান অ্যাশটন টার্নার, জীবন পান পিক। তখন তার রান ছিল ১৫। সেই ওভারের শেষ বলেই চার মারেন তিনি, আর পরের গল্পটা তো ইতিহাস।

শেষ পর্যন্ত ৩০ বলে একটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অলিভার পিক। রেনেগেডসের হয়ে ২২ রানের বেশি করতে পারেননি আর কেউ। কিন্তু তরুণ পিকই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছেন।

এমআই