Advertisement
Us Bangla Airlines
এবার মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন কোচ মিকি আর্থার

এবার মোস্তাফিজকে নিয়ে মুখ খুললেন কোচ মিকি আর্থার

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩০

কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজের বাদ পড়ার ঘটনায় গত কয়েক দিনে পরিস্থিতি জটিল রূপ নিয়েছে। ভারত বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনড়। এরই মধ্যে নিজের পথও ঠিক করে ফেলেছেন মোস্তাফিজ। আইপিএল চলাকালীন সময়ের জন্য পিএসএলে খেলার চুক্তি করেছেন বাঁহাতি এই পেসার।

মাঠের বাইরের ঝড়ের মাঝেও মাঠে মোস্তাফিজ যেন নিজের ছন্দেই। বিপিএলে একের পর এক ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সে তিনি রংপুরের বড় ভরসা। অধিনায়ক নুরুল হাসান সোহানের ভাষায়, তিনি “বিন্দাস”; ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের চোখে, “চিল মুডে”। কোচ মিকি আর্থারের কথায়ও মিলল সেই সুর।

সংবাদ সম্মেলনে মিকি আর্থার বলেন, ‘ফিজ পুরোপুরি একজন পেশাদার। আমাদের জন্য সে অবিশ্বাস্য, অসাধারণ পারফর্ম করছে। বোলার হিসেবে সে বিশ্বসেরা। সে খুব ভালো টিম ম্যান, ভীষণ বিনয়ী। তাকে আলাদা করে সামলানোর কিছু নেই। প্রতিদিন মাঠে নামে, নিজের কাজটা করে এবং সেরাটা দেয়।’

তবে আইপিএলের ঘটনাটি আক্ষেপেরই, স্বীকার করলেন আর্থার। তিনি বলেন, ‘আইপিএলে মোস্তাফিজের সঙ্গে যা হয়েছে, তা তার জন্য খুবই হতাশার। কলকাতার সঙ্গে সে সত্যিই দারুণ একটি চুক্তি পেয়েছিল। শেষ পর্যন্ত যা হলো, সেটা খুবই হতাশাজনক।’

বাঁহাতি এই পেসারের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন আর্থার। তিনি আরও বলেন, ‘মোস্তাফিজের সঙ্গে ছোট্ট একটা আলোচনা হয়েছে। আমাদের মধ্যে ভাষাগত কিছু প্রতিবন্ধকতা আছে, কিন্তু আমি যা বলেছি, সে বুঝেছে। সে যা বলেছে, আমিও বুঝেছি। সেখানেই ব্যাপারটা শেষ, তারপর আমরা সামনে এগিয়ে গেছি।’

এমআই