Advertisement
Us Bangla Airlines
ভারতের সমালোচনা করে আইপিএল খেলা নিয়ে শঙ্কায় হোল্ডার

ভারতের সমালোচনা করে আইপিএল খেলা নিয়ে শঙ্কায় হোল্ডার

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ২০:১৪

ভারত-পাকিস্তান বৈরিতার রাজনীতি নিয়ে মুখ খুলে নিজেই বিতর্কের ঘূর্ণিপাকে জেসন হোল্ডার। ক্রিকেটকে ছাপিয়ে যাওয়া এই দ্বন্দ্বের সমালোচনা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের তীব্র তোপের মুখে পড়েছেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। পরিস্থিতি এমন যে, আইপিএলে তার অংশগ্রহণ নিয়েই দেখা দিয়েছে অনিশ্চয়তা।

ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের প্রভাব ক্রিকেটে নতুন কিছু নয়। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ দীর্ঘদিন ধরেই বন্ধ। এমনকি এশিয়া কাপের মতো টুর্নামেন্টেও সৌজন্য বিনিময় নিয়ে থাকে স্পষ্ট অস্বস্তি। সবশেষ আসরে ভারত চ্যাম্পিয়ন হলেও ট্রফি গ্রহণ না করায় নতুন আলোচনার জন্ম দেয়। আর সেখানেই আপত্তি জানান জেসন হোল্ডার।

জনপ্রিয় পডকাস্ট ‘গেম উইথ গ্রেস’-এ ভারতের আচরণের কড়া সমালোচনা করেন তিনি। হোল্ডারের ভাষায়, ‘আমি ভারত-পাকিস্তান দৌরাত্ম্য পছন্দ করি না। এটা ক্রিকেটের অনেক বাইরে চলে গেছে, যা সত্যিই দুঃখজনক। এশিয়া কাপ জিতে ভারতের ট্রফি নিতে না যাওয়াটা ছিল মাত্রাতিরিক্ত। এসব আমাদের খেলায় মানায় না।’

হোল্ডারের মতে, ক্রিকেটাররা কেবল মাঠের পারফরমার নন, সমাজেও তাদের বড় প্রভাব রয়েছে। তাই আচরণেও দায়িত্বশীল হওয়া জরুরি। ক্যারিবিয়ান এই অলরাউন্ডার বলেন, ‘ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্বশান্তির কথা বলি, তাহলে আমাদের আদর্শদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না।’

হোল্ডারের এসব মন্তব্যই কাল হয়ে দাঁড়িয়েছে। বক্তব্য ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের একাংশ তার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। কেউ কেউ ডাক দিয়েছেন বয়কটের, আবার অনেকে সরাসরি আইপিএল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন।

সম্প্রতি ভারতীয় সমর্থকদের চাপের মুখে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। সেই ঘটনার পর হোল্ডারের মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি বাড়িয়েছে শঙ্কা।

এমআই