Advertisement
Us Bangla Airlines
শ্বশুরবাড়ির দলকে জয় এনে দিলেন মঈন আলী

শ্বশুরবাড়ির দলকে জয় এনে দিলেন মঈন আলী

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ২২:১২

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম যেন মঙ্গলবার রাতটা হয়ে উঠেছিল একান্তই মঈন আলীর। ব্যাটে ঝড়, বলে নিয়ন্ত্রণ আর ফিল্ডিংয়ে তৎপরতা—সব মিলিয়ে শ্বশুরবাড়িকে জয়ে এনে দিয়েছেন সিলেটের ঘরের জামাই মঈন আলী। ইংলিশ অলরাউন্ডারের নৈপুণ্যেই ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়ে জয় তুলে নেয় সিলেট টাইটানস।

বৃহস্পতিবার টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা ক্যাপিটালস। ওপেনার পারভেজ হোসেন ইমনের ব্যাটে ভর করে ভালো সূচনা পায় স্বাগতিকরা। পাওয়ারপ্লে শেষে বিনা উইকেটে ৪৮ রান তোলে সিলেট। তবে পাওয়ারপ্লে পেরোতেই ভাঙে ওপেনিং জুটি। তৌফিক খান ২১ বলে ১৭ এবং পরের ওভারে ইমন ২৪ বলে ৩২ রান করে বিদায় নেন।

চারে নামা আফিফ হোসেন ধ্রুব ব্যর্থ হলে ইনিংস কিছুটা থমকে যায়। এরপর আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাইয়ের জুটিতে আবার গতি পায় সিলেট। আরিফুল ২৯ বলে ৩৮ এবং ওমরজাই ২৩ বলে ৩৩ রানের কার্যকর ইনিংস খেললেও একই ওভারে দুজনকেই হারায় দল। ১৮ ওভার শেষে সিলেটের স্কোর ছিল ১৩৫/৫।

এরপরই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ১৯তম ওভারে মঈন আলী একাই তুলে নেন ২৮ রান। মাত্র ৮ বলে ২৮ রানের টর্নেডো ইনিংস খেলে শেষ ওভারে আউট হলেও ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়ে দিয়েছেন তিনি। শেষদিকে ইথান ব্রুকস (৪ বলে ৯*) ও মেহেদী হাসান মিরাজ (২ বলে ৭*) ক্যামিও খেললে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে সিলেটের রান দাঁড়ায় ১৮০।

ঢাকার হয়ে জিয়াউর রহমান নেন ৩ উইকেট। এ ছাড়া নাসির হোসেন, সাইফ হাসান ও ইমাদ ওয়াসিম নেন একটি করে উইকেট।

জবাব দিতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে উড়ন্ত শুরু পায় ঢাকা ক্যাপিটালস। ওপেনিং জুটিতে আসে ৫৬ রান। তবে পাওয়ারপ্লের পর থেকেই ছন্দ হারাতে থাকে তারা। তিনে নেমে নাসির হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী দ্রুত ফিরলে চাপ বাড়ে।

গুরবাজ ৪৪ বলে ৫১ রানের ফিফটি করলেও ইনিংসের গতি ছিল ধীর। তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ঢাকা। শেষদিকে সাব্বির রহমানের ১৬ বলে ২৫ রানের লড়াকু ইনিংসেও হারের চিত্র বদলায়নি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ঢাকার সংগ্রহ দাঁড়ায় ১৬০।

বল হাতেও সিলেটের হয়ে আলো ছড়ান মঈন আলী। ২ উইকেটের পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে চাপ সৃষ্টি করেন তিনি। সালমান ইরশাদ নেন ৩ উইকেট। এ ছাড়া রুয়েল মিয়াহ, ওমরজাই ও নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

এমআই