৩৬০ কোটিতে বিক্রি হলো পিএসএলের দুই দল
খেলা ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৬, ২২:৪৭
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নতুন অধ্যায়ের সূচনা। রেকর্ড ৩৬০ কোটি পাকিস্তানি রুপির বিনিময়ে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজির মালিকানা বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিএসএলে আগামী এক দশকের জন্য লিগে যুক্ত হচ্ছে দুই নতুন শহর হায়দরাবাদ ও শিয়ালকোট।
বৃহস্পতিবার করাচির জিন্নাহ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নিলামে ১.৭৫ বিলিয়ন পাকিস্তানি রুপিতে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির মালিকানা কিনে নেয় ইন্দোনেশিয়ানভিত্তিক এফকেএস গ্রুপ। ১.১০ বিলিয়ন রুপি থেকে শুরু হওয়া দর হাঁকায় এফকেএসের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে ১২সি গ্রুপ। তবে শেষ পর্যন্ত সর্বোচ্চ দর দিয়েই বাজিমাত করে এফকেএস।
অন্যদিকে শিয়ালকোট ফ্র্যাঞ্চাইজির মালিকানা পায় পাকিস্তানভিত্তিক প্রতিষ্ঠান ওজেড ডেভলপার্স। ১.৮৫ বিলিয়ন পাকিস্তানি রুপি দিয়ে দলটি কেনে তারা। ১২সি গ্রুপ এই ফ্র্যাঞ্চাইজির জন্যও দর হাঁকিয়েছিল। তবে দরবৃদ্ধির পর তার আর সামনে অগ্রসর হতে পারেনি।
নতুন দুটি দল নেওয়ার আগ্রহ দেখিয়েছিল পাঁচটি দেশের মোট ১২টি প্রতিষ্ঠান। আবেদনের শেষ সময় ছিল ২৪ ডিসেম্বর। ২৭ ডিসেম্বর নিলামের বিস্তারিত জানায় পিসিবি। আর বৃহস্পতিবার আনুষ্ঠানিক নিলামের মধ্য দিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়।
২০১৬ সালে পাঁচ দল নিয়ে যাত্রা শুরু করেছিল পিএসএল। ২০১৮ সালে মুলতান সুলতানস যুক্ত হওয়ায় দলসংখ্যা বেড়ে হয় ছয়। সাত আসর পর এবার আবারও সম্প্রসারণে যাচ্ছে লিগটি। হায়দরাবাদ ও শিয়ালকোট যুক্ত হওয়ায় ২০২৬ মৌসুম থেকে পিএসএলে খেলবে মোট ৮টি দল।
এমআই