Advertisement
Us Bangla Airlines
এক রানের জন্য রেকর্ড গড়তে পারলেন না রসিংটন

এক রানের জন্য রেকর্ড গড়তে পারলেন না রসিংটন

খেলা ডেস্ক

০৮ জানুয়ারি ২০২৬, ২৩:০৫

বিপিএলে ইতিহাস গড়ার হাতছানি ছিল মাত্র এক রান দূরে। কিন্তু ভাগ্য শেষ পর্যন্ত সহায় হয়নি এডাম রসিংটনের। সিলেট টাইটানসের বিপক্ষে ৪৯ রানে থেমেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। তাতে বিপিএল ইতিহাসে টানা চার হাফ সেঞ্চুরির অনন্য রেকর্ড গড়তে পারলেন তিনি।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন রসিংটন। প্রথম ম্যাচে ব্যর্থ হলেও এরপর দারুণ ছন্দে ছিলেন তিনি। পরের তিন ম্যাচে টানা তিনটি হাফ সেঞ্চুরি করে নিজেকে তুলে ধরেছিলেন ফর্মের চূড়ায়। সিলেটের বিপক্ষে গতকাল সন্ধ্যার ম্যাচটি ছিল রসিংটনের সামনে ইতিহাসের দরজা খোলার সুযোগ।

মিরাজদের বিপক্ষে আরেকটি ফিফটি করতে পারলেই বিপিএলের প্রথম ব্যাটসম্যান হিসেবে টানা চার ম্যাচে পঞ্চাশ ছোঁয়ার কীর্তি গড়তেন তিনি। কিন্তু নাটকীয়ভাবে এক রানের আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় রসিংটনকে। ফাইন লেগে খেলতে গিয়ে ৪৯ রানে আউট হয়ে থেমে যায় তার ইনিংস। তাতেই শেষ হয়ে যায় সম্ভাব্য নতুন রেকর্ডের স্বপ্ন।

বিপিএল ইতিহাসে টানা তিন হাফ সেঞ্চুরির রেকর্ড অবশ্য নতুন নয়। এই কীর্তির শুরুটা করেছিলেন পাকিস্তানের কামরান আকমাল। পরে সেই তালিকায় যুক্ত হয়েছেন আরও ৯ ব্যাটার। 

আকমলের পরে ব্র্যাড হজ (অস্ট্রেলিয়া), তামিম ইকবাল (বাংলাদেশ), উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা), অ্যালেক্স হেলস (ইংল্যান্ড), তাওহিদ হৃদয় (বাংলাদেশ), মোহাম্মদ রিজওয়ান (পাকিস্তান), উসমান খান (পাকিস্তান), পারভেজ হোসেন (বাংলাদেশ) এবং সর্বশেষ এডাম রসিংটন টানা তিন ম্যাচে ফিফটি করেছেন।

তবে টানা চার ফিফটি সুযোগ পেয়েও এক রানের আক্ষেপে রেকর্ডটি অধরাই রয়ে গেল রসিংটনের। তবুও তার ব্যাটে যে ছন্দ, তাতে ইতিহাস লেখা শুধু সময়ের অপেক্ষা। নেপাল প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করা রসিংটন এবার বিপিএলেও পাঁচ ম্যাচ খেলেই রয়েছেন রান সংগ্রাহকের শীর্ষ স্থানে। শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন, সেটাই দেখার পালা।

এমআই