‘অত বড় কোনো নাম নয়, তবে ভালো খেলোয়াড়’
খেলা ডেস্ক
০৯ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩
চলমান বিপিএলে প্রথমবারের মতো খেলতে নেমেই আলো কাড়লেন ইথান ব্রুকস। ব্যাটে নয়, এক দুর্দান্ত ক্যাচেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ইংলিশ এই ক্রিকেটার। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে তার সেই ক্যাচ এখন আলোচনার শীর্ষে। ম্যাচ শেষে তার প্রশংসায় মুখর সিলেটের ম্যাচসেরা ক্রিকেটার মঈন আলী।
শামীম হোসেন পাটোয়ারীর ব্যাট থেকে বেরোনো শটটা দেখে মনে হচ্ছিল নিশ্চিত ছক্কা। কিন্তু বাউন্ডারির ঠিক সামনে দাঁড়িয়ে থাকা ব্রুকস ঝাঁপিয়ে পড়ে অসম্ভবকে সম্ভব করে তুললেন। বল তালুবন্দি হতেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে মাঠজুড়ে। ম্যাচ শেষে সেই মুহূর্তকে বিশেষভাবেই তুলে ধরেন মঈন।
সংবাদ সম্মেলনে এসে সতীর্থের প্রশংসা করতে গিয়ে মঈন বলেন, ‘ওটা ছিল দুর্দান্ত ক্যাচ। মাঠে সে-ই একমাত্র ক্রিকেটার যে ওই ক্যাচ ধরতে পারত। এটা তার প্রথম ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, তবু সে প্রমাণ করেছে। সে পারফর্ম করতে পারে। বাংলাদেশের উইকেটে এসে খেলা সহজ নয়, কিন্তু সে দারুণ করছে।’
ব্রুকসের ফিল্ডিং নিয়ে তিনি আরও বলেন, ‘ফিল্ডিংয়ে ইথান ব্রুকস অসাধারণ। একজন ইংলিশ ক্রিকেটার হিসেবে তাকে নিয়ে আমি গর্বিত। কাউন্টি ক্রিকেটেও সে ভালো করে। এমন ফিল্ডার দলে থাকাটা সবসময়ই বড় ব্যাপার।’
ব্রুকসের বিপিএলে খেলার পেছনের গল্পও জানালেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। জানালেন, এর আগেও তাকে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।
‘আমি আগেও তাকে নেপালে পাঠানোর চেষ্টা করেছি, একাধিকবার। সে যুক্তরাজ্যে অনেক ম্যাচ জিতিয়েছে যা সবাই পারে না।’
‘আমার ভাই কোচিংয়ের সঙ্গে যুক্ত, তার চোখে অনেক খেলোয়াড় পড়ে। ব্রুকস দারুণ একজন ক্রিকেটার। সিলেট তাকে স্কাউট করেছে। সামনে আরও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পেলে ওর জন্য ভালো হবে। আমি সবসময়ই তার নাম সুপারিশ করব। কারণ সে অত বড় কোনো নাম নয়, তবে ভালো খেলোয়াড়’- যোগ করেন মঈন।
এমআই