শেষ তিন ম্যাচে নোয়াখালীকে জয় উপহার দিতে চান হাসান
খেলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১৩:১৫
ছয় ম্যাচের হতাশা পেছনে ফেলে অবশেষে জয়ের মুখ দেখল নোয়াখালী এক্সপ্রেস। আর সেই জয়ের রেশ ধরেই এবার বাকি পথটুকু জয়ের রঙে রাঙাতে চান হাসান মাহমুদরা। শক্তিশালী রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় তুলে নেয় নোয়াখালী। এবার শেষ তিন ম্যাচে জয়ের ধারা ধরে রাখতে চায় বলে জানিয়েছেন দলটির পেসার হাসান মাহমুদ।
গতকাল রাতের ম্যাচে আগে ব্যাট করতে নেমে ঝলমলে শুরু পেলেও দেড়শ ছোঁয়া হয়নি নোয়াখালীর। ১৪৮ রানেই গুটিয়ে যায় দলটি। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হোঁচট খায় রংপুর। ডেভিড মালান ও লিটন দাস ফিরে যান ২৩ রানের মধ্যেই। মাঝখানে হৃদয় ও ইফতেখার লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত আর জয় পাওয়া হয়নি।
নির্ধারিত ২০ ওভারে ১৩৯ রানের বেশি করতে পারেনি রংপুর, তাতে ৯ রানের জয় নিশ্চিত করে নোয়াখালী এক্সপ্রেস। বিপিএল ইতিহাসে তাদের প্রথম জয়। ছয় ম্যাচ হারের পর নোয়াখালীর প্রথম জয়ের নায়ক অবশ্য পেসার হাসান মাহমুদ। একাই রংপুরের ৪ উইকেট শিকার করেছেন এই পেসার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ম্যাচসেরা হাসান মাহমুদ। বিপিএলের প্রথম জয় নিয়ে তিনি বলেন, ‘জিততে পারলে ভালো তো লাগেই। আমরা চেষ্টা করেছি কেউ যেন মানসিকভাবে ভেঙে না পড়ে। প্রতিদিন অনুশীলনে সবাই সেরাটা দিচ্ছে, ছয় ম্যাচ পর অবশেষে আমরা কামব্যাক করতে পেরেছি।’
এখানেই থামেননি হাসান। তিনি আরও বলেন, ‘আজকের জয়ের পর এখন প্রতিটা ম্যাচই আমাদের কাছে ফাইনালের মতো। যেভাবে আজ খেলেছি, বাকি ম্যাচগুলোতেও সেভাবেই খেলতে চাই। চেষ্টা থাকবে জয় নিয়েই মাঠ ছাড়ার।’
দর্শকদের কথাও আলাদা করে স্মরণ করেন তিনি। হাসান আরও বলেন, ‘প্রথম ম্যাচ থেকেই দর্শকরা আমাদের পাশে ছিলেন। আমরা জিততে না পারলেও তারা সাপোর্ট দিয়ে গেছেন। তাদের কষ্টটা আমরা বুঝি। শেষ তিন ম্যাচ ভালো খেলে তাদের জন্য জয় উপহার দিতে চাই।’
এমআই