Advertisement
Us Bangla Airlines
‘বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব’

‘বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের অভাব’

খেলা ডেস্ক

১০ জানুয়ারি ২০২৬, ১৬:২০

বিপিএল খেলতে বাংলাদেশে এসে জাতীয় দল নিয়ে খোলামেলা মূল্যায়ন করলেন সাবেক ইংলিশ অলরাউন্ডার মঈন আলী। সিলেট টাইটানসের হয়ে খেলতে আসা এই তারকা মনে করেন, অতীতের তুলনায় বর্তমান বাংলাদেশ দলে বিশ্বমানের খেলোয়াড়ের ঘাটতি স্পষ্ট।

শনিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের বর্তমান ও অতীতের পার্থক্য তুলে ধরেন মঈন। তার মতে, এক সময় দলে দুই-তিনজন এমন খেলোয়াড় ছিলেন, যারা শুধু পারফরম্যান্স নয়—মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণ দিয়েও আলাদা হয়ে উঠতেন।

মঈন বলেন, ‘আগে হয়তো তামিম, সাকিবসহ দুই-তিনজন বিশ্বমানের খেলোয়াড় ছিল। শুধু বিশ্বমানের খেলোয়াড় হওয়া নয়, তাদের ক্যারেক্টারও খুব ভালো ছিল। তারা ছিল ফাইটার, আর যেভাবে খেলত তাতে মনে হতো মানসম্পন্ন ক্রিকেটার। দীর্ঘ সময় ধরে এই দুজনকে পাওয়া বাংলাদেশের জন্য বড় সৌভাগ্যের।’

শ্বশুরবাড়ির দলকে জয় এনে দিলেন মঈন আলী

বর্তমান দল নিয়ে কিছুটা ভিন্ন চিত্র তুলে ধরেন এই ইংলিশ অলরাউন্ডার। মঈন আলী বলেন, ‘এখন আমার মনে হয় ভালো খেলোয়াড় আছে, কিন্তু সেই লেভেলের খেলোয়াড় নেই। এটাই মূল সমস্যা। একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত অনেক ভালো খেলোয়াড় আছে, কিন্তু এই মুহূর্তে বিশ্বমানের খেলোয়াড়রা নেই।’

তবে বাংলাদেশের পেস আক্রমণের অন্যতম স্তম্ভ মোস্তাফিজুর রহমানকে বিশ্বমানের খেলোয়াড় হিসেবে আলাদা করে স্বীকৃতি দিয়েছেন মঈন আলি। তিনি আরও বলেন, ‘অবশ্যই ফিজ আছে। আমি জানি ফিজ বিশ্বমানের। সে তখনও খেলছিল। কিন্তু দলে শুধু দক্ষতা নয়, চরিত্রও দরকার। রিশাদও বাংলাদেশের ভবিষ্যত সুপারস্টার।’

মানসিক দৃঢ়তার ঘাটতির কথাও উল্লেখ করে মঈন বলেন, ‘সৎভাবে বলতে গেলে, আমার মনে হয় বাংলাদেশ দল মানসিক দিক থেকে একটু পিছিয়ে আছে। ক্রিকেটে তারা উন্নতি করেছে, কিন্তু সব দিক থেকে নয়। বিশেষ করে মানসিক শক্তির জায়গায়। ওই দুইজন খেলোয়াড় (তামিম ও সাকিব) মানসিকভাবে খুব শক্ত ছিল।’

এমআই