২০ ম্যাচ শেষে প্লে-অফের দৌড়ে টিকে আছেন যারা
খেলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩
৩৪ ম্যাচের বিপিএলে সিলেট পর্বের ২০টি ম্যাচ শেষ হয়েছে। সিলেটে আর চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে, বাকি ১০ ম্যাচ হবে ঢাকায়। তবে এর মাঝেই জমে উঠেছে পয়েন্ট টেবিলের লড়াই। সিলেট পর্বে একদিনের বিরতির পর রোববার থেকে ফের শুরু হচ্ছে মাঠের যুদ্ধ। তার আগেই স্পষ্ট হয়ে উঠছে কারা আছেন এগিয়ে, কারা পিছিয়ে।
বিপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে সিলেট টাইটানস। আট ম্যাচ শেষে চার জয় ও চার হারে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। সাতটি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম যেখানে দাপটের সঙ্গে শীর্ষে, নোয়াখালী সেখানে টেবিলের তলানিতে। রংপুর, রাজশাহী ও ঢাকা খেলেছে ছয়টি করে ম্যাচ।

সিলেট টাইটানসকে হারিয়ে শীর্ষে ওঠা চট্টগ্রাম রয়্যালস গত শুক্রবার রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে নাটকীয় জয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে। সাত ম্যাচে পাঁচ জয়ে তাদের পয়েন্ট ১০, সঙ্গে টুর্নামেন্টের সেরা নেট রান রেট শেখ মেহেদীদের। প্লে-অফের দৌড়ে এই মুহূর্তে সবচেয়ে এগিয়ে চট্টগ্রাম, তা হলফ করে বলা যায়।
গতকাল নোয়াখালীর বিপক্ষে হেরে কিছুটা হোঁচট খেয়েছে রংপুর রাইডার্স। ফলে শীর্ষস্থান থেকে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। সমান ৮ পয়েন্ট নিয়ে তিন ও চার নম্বরে রয়েছে যথাক্রমে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় সিলেট এগিয়ে আছে রাজশাহীর চেয়ে।

ঢাকা ক্যাপিটালসের জন্য পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। ছয় ম্যাচে মাত্র দুই জয়ে তাদের পয়েন্ট ৪। সিলেটের কাছে হেরে টেবিলের পাঁচ নম্বরে নেমে গেছে দলটি। সমীকরণের মারপ্যাঁচে প্লে-অফের দৌড়ে এখনো টিকে থাকলেও তার সম্ভবনা বেশ ক্ষীণ। সেরা চারে থাকতে হলে পরের ম্যাচগুলোতে টানা জয়ের বিকল্প নেই ঢাকার সামনে।
অন্যদিকে, ছয় ম্যাচের হার কাটিয়ে গতকাল প্রথম জয় পেলেও নোয়াখালী এক্সপ্রেস আছে সবার শেষে। সাত ম্যাচে এক জয়, ছয় হার। পয়েন্ট মাত্র ২। প্লে-অফের দৌড় থেকে একপ্রকার ছিটকেই গেছে কোচ সুজনের দল। তবে টুর্নামেন্টে আরও দুই ম্যাচ বাকি থাকায় অঙ্কের হিসেবে এখনও পুরোপুরি ছিটকে যায়নি তারা।
একনজরে বিপিএলের পয়েন্ট টেবিল
| দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রান রেট |
|---|---|---|---|---|---|
| চট্টগ্রাম রয়্যালস | ৭ | ৫ | ২ | ১০ | ০.৮৯৮ |
| রংপুর রাইডার্স | ৬ | ৪ | ২ | ৮ | ০.৫০০ |
| সিলেট টাইটান্স | ৮ | ৪ | ৪ | ৮ | ০.৩৫১ |
| রাজশাহী ওয়ারিয়র্স | ৬ | ৪ | ২ | ৮ | ০.১৫৮ |
| ঢাকা ক্যাপিটালস | ৬ | ২ | ৪ | ৪ | -০.২৮০ |
| নোয়াখালী এক্সপ্রেস | ৭ | ১ | ৬ | ২ | -১.৫৬৫ |
এমআই