দুঃসংবাদ পেল চট্টগ্রাম-সিলেট
খেলা ডেস্ক
১০ জানুয়ারি ২০২৬, ১৭:৫৯
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অস্থিতিশীল অবস্থা নিয়ে সূচনা করেছিল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল শুরুর একদিন আগে পাল্টে যায় দলটির মালিকানা। নতুন করে দলটির দায়িত্ব নেয় বিসিবি। এরপরই মোড় ঘুরতে শুরু করে। প্রথম ম্যাচে জয় না পেলেও এখন পর্যন্ত সাত ম্যাচে ৫ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম রয়্যালস।
বন্দর নগরীর দলটির উন্নতি পেছনে বড় কারণ তাদের দলগত পারফরম্যান্স। ব্যাট হাতে দলটিকে নেতৃত্ব দিয়েছেন দুই ওপেনার নাইম শেখ ও অ্যাডাম রসিংটন। বিপিএলে বর্তমানে রান সংগ্রহের তালিকায় শীর্ষ স্থানে রয়েছেন রসিংটন। টানা চারটি ফিফটি করে ইতিহাস গড়ার পথে ছিলেন এই ক্রিকেটার। তবে ইনজুরির কারণে এবার তাকে হারাল চট্টগ্রাম।
চট্টগ্রাম থেকে পাঠানো এক বিবৃতিতে জানা গেছে, গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে কিপিং করতে গিয়ে বাঁ হাতে চোট পেয়েছেন রসিংটন। ইনজুরি এতটাই গুরুতর যে, তাকে পুরো বিপিএল আসর থেকেই ছিটকে দিয়েছে। ফলে চট্টগ্রাম দলের আশার বাতি হয়ে আসা এই ইংলিশ উইকেটরক্ষক বিপিএল ছেড়ে নিজ দেশে উড়াল দিচ্ছেন।
চট্টগ্রামের মতো দুঃসংবাদ আছে সিলেটেরও। আফগান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে হারাচ্ছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ওমরজাই নিজেই। সেখানে তিনি লিখেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটি ভক্তদের অশেষ ধন্যবাদ।’
বিপিএলে সিলেটের হয়ে খেলতে এসে প্রথম ম্যাচেই ২৪ বলে ফিফটি করেছিলেন এই অলরাউন্ডার। সবমিলিয়ে ছয় ম্যাচে ৩৭ গড়ে ১৫১ রান করেছেন ২৫ বছর বয়সী ওমরজাই। বল হাতেও দলের জয়ে অবদান রেখেছেন এই আফগান ক্রিকেটার। ছয় ম্যাচে ২৬ গড়ে ৬ উইকেট শিকার করেছেন তিনি।
ওমরজাইয়ের চলে যাওয়া নিয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি সিলেট টাইটানস। তবে ধারণা করা হচ্ছে, জাতীয় দলের দায়িত্ব পালন করতেই বিপিএল ছাড়ছেন তিনি। চলতি মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান, যে দলের গুরুত্বপূর্ণ সদস্য আজমতউল্লাহ ওমরজাই।
এমআই