ভারত ম্যাচে কেন বাংলাদেশি আম্পায়ার, ব্যাখ্যা দিল বিসিবি
খেলা ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৭
আইপিএলে মোস্তাফিজ বিতর্ক, নিরাপত্তা শঙ্কা আর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত সফর নিয়ে বিসিবির অনড় অবস্থান। দেশের ক্রীড়াঙ্গনের এমন উত্তাল অবস্থানে ভারতের মাঠে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। তাতেই প্রশ্ন উঠেছে, অনিরাপদ ভারতে কেন গেলেন বাংলাদেশি আম্পায়ার?
রোববার (১১ জানুয়ারি) ভাদোদরার বিসিএ স্টেডিয়ামে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডেতে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন সৈকত। বিষয়টি সামনে আসতেই ক্রিকেট মহলে শুরু হয় আলোচনা ও সমালোচনা। এবার ভারতের ম্যাচে বাংলাদেশি আম্পায়ার সৈকতের অংশগ্রহণের ব্যাখ্যা দিল বিসিবি।
এ বিষয়ে আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান বলেন, ‘শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির নয়, আইসিসির এলিট প্যানেলের চুক্তিবদ্ধ আম্পায়ার। বিসিবির সঙ্গে তার চুক্তি মূলত আম্পায়ার এডুকেশন বিভাগের প্রধান হিসেবে। তবে আইসিসির কোনো অ্যাসাইনমেন্ট থাকলে সেই দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে শিথিল হয়ে যায়।’
ইফতেখার রহমান মিঠু আরও বলেন, ‘সৈকত আইসিসির চুক্তিবদ্ধ আম্পায়ার। আমাদের চাকরির চুক্তিতে স্পষ্ট বলা আছে, আইসিসির দায়িত্ব পেলে তিনি বিসিবি থেকে স্বয়ংক্রিয়ভাবে ছুটি পাবেন। এখানে অনুমতি দেওয়া বা না দেওয়ার কোনো সুযোগ আমাদের নেই।’
তিনি আরও জানান, বিপিএলের কয়েকটি ম্যাচ পরিচালনার পর বর্তমানে সৈকত আইসিসির দায়িত্ব পালন করতেই ভারতে অবস্থান করছেন।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং আরেক বাংলাদেশি আন্তর্জাতিক আম্পায়ার গাজী সোহেলের ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালনের কথা রয়েছে। ভারতের মাটিতে বিশ্বকাপ আয়োজন নিয়ে বিসিবির আপত্তি থাকলেও, আইসিসির নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে তাদের অংশগ্রহণ প্রায় নিশ্চিত।
এমআই