চার মুসলিম ক্রিকেটারকে ভিসা দেয়নি ভারত
খেলা ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬, ১৯:১৩
ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আর মাত্র তিন সপ্তাহ বাকি। ৭ ফেব্রুয়ারি উদ্বোধনী ম্যাচেই স্বাগতিক ভারতের মুখোমুখি হওয়ার কথা যুক্তরাষ্ট্রের। কিন্তু টুর্নামেন্টের আগে বড় অনিশ্চয়তা দেখা দিয়েছে। পাকিস্তানি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের চার মুসলিম ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারত।
ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ক্রিকেটের খবরে বলা হয়েছে, ভিসা না পাওয়া ক্রিকেটাররা হলেন পেসার আলী খান, উইকেটরক্ষক-ব্যাটার শায়ান জাহাঙ্গীর, মিডিয়াম পেসার ইশান আদিল ও লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। তাঁরা সবাই যুক্তরাষ্ট্রের প্রাথমিক টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন।
এদিকে পেসার আলী খান নিজেই ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে ভিসা না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ফলে ভারতের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপে এই চার ক্রিকেটারের অংশগ্রহণ এখন বড় প্রশ্নের মুখে। বিষয়টি আরও আলোচনায় আসার কারণ, আলী খান এর আগে কলকাতার হয়ে আইপিএলেও খেলেছেন।
যদিও এ বিষয়ে এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কিংবা ইউএসএ ক্রিকেটের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে এই সিদ্ধান্তের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নাও থাকতে পারে। কারণ, বিশ্বকাপে অংশ নিতে আসা আরও কয়েকটি দলে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন।
প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা ইতালি দলে আছেন একাধিক পাকিস্তানি বংশোদ্ভূত মুসলিম ক্রিকেটার। জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজাও পাকিস্তানি বংশোদ্ভূত। তিনিও মুসলমাস। এছাড়া নেদারল্যান্ডস দলেও একই ধরনের পটভূমির একাধিক খেলোয়াড় রয়েছেন।
এমআই