৬ বলে ৬ রান নিতে ব্যর্থ রিশাদরা, বিগ ব্যাশে নতুন রেকর্ড
খেলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ১৮:২৩
এভাবেও ম্যাচ হারা যায়! গ্যালারি থেকে দর্শকদের এমন প্রশ্ন আসলে নিশ্চয়ই অবাক হবে না হোবার্ট হ্যারিকেনসের ক্রিকেটাররা। ব্রিসবেন হিটের বিপক্ষে শেষ ওভারে মাত্র ৬ রান প্রয়োজন ছিল রিশাদের দল হোবার্টের। সেখানে চার ডটের বিপরীতে মাত্র ২ রান নিতে পেরেছে রিশাদরা। তাতে ৩ রানের অবিশ্বাস্য পরাজয়ই হজম করেছে হোবার্ট হ্যারিকেনস।
বুধবার ওভালে টসে হেরে শুরুতে ব্যাটিং করে ব্রিসবেন হিট। নাথান ম্যাক-সুইনির ৪৯ রানে নির্ধারিত ২০ ওভার শেষে ১৬০ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে শুরুতে উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় হোবার্টের ব্যাটাররা। তাতে শেষ ওভারে প্রয়োজন ছিল ৬ রান। এত সহজ সমীকরণ মেলানোর ৩ রান আগেই থামে রিশাদদের ইনিংস।

১৬১ রান তাড়া করতে গিয়ে মাত্র ২৬ রানে ২ উইকেট হারায় হোবার্ট হ্যারিকেনস। তবে বো ওয়েবস্টার ও বেন ম্যাকডরমেটের জোড়া ফিফটিতে ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পায় নাথান ইলিসের দল। ১৫তম ওভারে ওয়েবস্টার আউট হলেও সহজ জয়ের পথেই হাঁটছিল টেবিল টপার হোবার্ট। কিন্তু ৬ রান করতে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দলটি।
হঠাৎ উইকেট পতন দেখা দিলেও জয়ের পথেই ছিল বিগব্যাশের বর্তমান চ্যাম্পিয়নরা। ২০তম ওভারে বিসব্রেনের হয়ে বোলিংয়ে আসেন তিন ওভারে ২৭ খরচ করা জামান খান। তাতে ৬ বলে ৬ রান করা সহজ সমীকরণই মনে হয়েছিল। তবে ইনিংসের শেষ ওভারে ক্যারিয়ারসেরা স্পেলটাই যেন করলেন এই পাকিস্তানি পেসার।
ওভারের প্রথম বলে ডট, দ্বিতীয় বলে সিঙ্গেল, তৃতীয়-চতুর্থ বলে ডট, পঞ্চম বলে উইকেট, ষষ্ঠ বলে খরচ মোটে এক রান। ছয় বলে দুই রান খরচ করে ব্রিসবেনকে ৩ রানের অবিশ্বাস্য জয় উপহার দেন জামান খান। বিগ ব্যাশের ইতিহাসে শেষ ওভারে এটাই সবচেয়ে কম রান মোকাবিলা করা জয়।

বিগ ব্যাশে শেষ ওভারে সর্বোচ্চ ৭ রান ডিফেন্ড করে জেতার ইতিহাস রয়েছে। ২০২০-২১ মৌসুমে ব্রিসবেন হিটের বিপক্ষে শেষ ওভারে ৭ রান ডিফেন্ড করে দলকে জিতেয়েছেন হোবার্টের পেসার স্কট বোলান্ড। রিশাদদের বিপক্ষে এবার যেন প্রতিশোধের স্বাদ নিল ব্রিসবেনের জামান খান।
এর আগে শুরুতে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পেয়েছিল ব্রিসবেন হিট। প্রথম দশ ওভারে ৮৯ রান করা দলটি ২০০ ছাড়ানো স্কোর গড়ার আশা দেখিয়েছিল। কিন্তু স্লগ ওভারে রিশাদ-ইলিসদের দুর্দান্ত বোলিংয়ে ১৬০ রানে থামে ব্রিসবেনের ইনিংস। চার ওভারে মাত্র ২৭ রান খরচ করে ২ উইকেট নেন রিশাদ হোসেন।
এমআই