রিপনের বোলিং নিয়ে যা বললেন তানজিদ তামিম
খেলা ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৬, ২২:৫৫
চলমান বিপিএলে বল হাতে নজর কাড়া পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন রিপন মন্ডল। নিয়মিত সাফল্যের পাশাপাশি হ্যাটট্রিক করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ পেসার। তার এই ধারাবাহিক পারফরম্যান্স ভবিষ্যতে বড় সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন অভিজ্ঞ ব্যাটার তানজিদ হাসান তামিম।
বুধবার মিরপুরে রিপনের বোলিং নিয়ে কথা বলতে গিয়ে তামিম বলেন, ‘রিপন আমাদের জন্য খুবই সম্ভাবনাময় একজন খেলোয়াড়। গত ইমার্জিং কাপেও সে সুপার ওভারে দারুণ বোলিং করেছে। আগের চেয়ে সে অনেক উন্নতি করেছে। আশা করি, তার ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’
ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রিপনের অবদান নিয়েও প্রশংসা করেন তামিম। তিনি বলেন, ‘এখন ম্যাচে যেভাবে সে বোলিং করে—দারুণ ইয়র্কার মারে, ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এগুলো তার জন্য বড় কাজে লাগবে।’
নিজেদের দল রাজশাহীর পারফরম্যান্স নিয়েও কথা বলেন তামিম। তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমরা যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, মাঝে এক-দুটি ম্যাচে সেটা বাস্তবায়ন করতে পারিনি। নির্দিষ্ট দিনে নিজেদের সেরা খেলাটা খেলতে না পারায় হেরেছি।’
তবে ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদী এই ব্যাটার যোগ করেন, ‘যেভাবে আমরা ফিরে এসেছি, তাতে আশা করছি এই মিশন যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম, সেদিকেই ভালোভাবে এগোচ্ছি।’
এমআই