Advertisement
Us Bangla Airlines
বিপিএল-আইপিএলে খেলা নিয়ে আফগান বোর্ডের নতুন নীতি

বিপিএল-আইপিএলে খেলা নিয়ে আফগান বোর্ডের নতুন নীতি

খেলা ডেস্ক

১৫ জানুয়ারি ২০২৬, ১৩:২৮

বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে আফগান ক্রিকেটারদের অবাধ অংশগ্রহণে এবার কড়াকড়ি আনল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বিপিএল, আইপিএলসহ বিশ্বের নানা লিগে নিয়মিত খেলা রাশিদ খান, মোহাম্মাদ নাবিদের মতো তারকাদের জন্য চালু হচ্ছে নতুন নীতিমালা। বছরে সর্বোচ্চ তিনটি বিদেশি লিগেই খেলার অনুমতি মিলবে পাবেন তারা।

বুধবার কাবুলে অনুষ্ঠিত এসিবির বার্ষিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ডের বিবৃতিতে জানানো হয়েছে, ক্রিকেটারদের ফিটনেস সুরক্ষা, মানসিক সুস্থতা এবং জাতীয় দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্স নিশ্চিত করতেই এই নীতি অনুমোদন করা হয়েছে।

এসিবি বলেছে, ‘ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনা এবং জাতীয় দলের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিদেশি লিগে খেলার ক্ষেত্রে নতুন নীতি কার্যকর করা হয়েছে। এখন থেকে আফগান ক্রিকেটাররা আফগানিস্তান প্রিমিয়ার লিগের পাশাপাশি সর্বোচ্চ তিনটি আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন।’

এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি প্রভাব ফেলবে আফগান ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রাশিদ খানের ওপর। টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সফল এই স্পিনার আইপিএলে খেলেন গুজরাট টাইটান্সের হয়ে। পাশাপাশি এসএ টোয়েন্টিতে এমআই কেপ টাউনের অধিনায়কত্ব করছেন তিনি। একই মালিকানার এমআই এমিরেটস ও এমআই নিউইয়র্কেও খেলেছেন রাশিদ।

নতুন নীতির আওতায় পড়ছেন মোহাম্মাদ নাবি, নুর আহমাদ, আজমাতউল্লাহ ওমারজাই, রাহমানউল্লাহ গুরবাজ, মুজিব উর রহমান, নাভিন উল হক, ফজলহক ফারুকির মতো নিয়মিত লিগ ক্রিকেটাররাও। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও এই নিয়মের আওতায় পড়বেন।

বিদেশি লিগে খেলার বিষয়ে কড়াকড়ি অন্য দেশগুলোর বোর্ডেও রয়েছে। ভারতের ক্রিকেটাররা দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পারেন না, আর পাকিস্তানের ক্রিকেটাররা বছরে সর্বোচ্চ দুটি বিদেশি লিগে খেলার ছাড়পত্র পান। বাংলাদেশি ক্রিকেটারদের এমন নিয়ম না থাকলেও খুব একটা এনওসি পাননা টাইগার ক্রিকেটাররা।

এমআই