‘আমরা খেলি বলেই বিসিবি টাকা পায়’
খেলা ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৬, ১৬:২৬
বাংলাদেশ ক্রিকেটে উত্তাপ এখনও কমেনি। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম এর বিতর্কিত মন্তব্য ও তার পদত্যাগ দাবিতে ক্রিকেটারদের বয়কটের হুমকিতে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ স্পষ্ট অবস্থান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের বক্তব্য খেলোয়াড়দের জন্য দুঃখজনক, একই সঙ্গে পুরো ক্রীড়াঙ্গনের জন্য লজ্জার।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আমরা সবসময় বোর্ডকে অভিভাবক হিসেবে দেখি। তারা এমন মন্তব্য করলে আমাদের জন্য দুঃখজনক। মাঠে বা দর্শকদের সঙ্গে আলাপচারিতায় প্রায়ই শোনা যায়, ‘আমাদের টাকায়ই তো খেলছো। কিন্তু এ ধারণা পুরোপুরি ভুল।’
‘ক্রিকেটারদের আয়ের বড় অংশ আসে আইসিসি ও স্পন্সরদের কাছ থেকে। বিসিবির বর্তমান আর্থিক শক্তির পেছনে রয়েছে জাতীয় দলের প্রতিটি ম্যাচের অবদান। বোর্ডের অর্থ কোনো একক গোষ্ঠীর নয়, এটি ক্রিকেটারদের কঠোর পরিশ্রমের ফল,’ বলেন মিরাজ।
তিনি আরও যোগ করেন, ‘মাঠে খেলাই বোর্ডকে শক্ত অবস্থানে রাখে। খেলাধুলো বন্ধ হলে স্পন্সরও থাকবে না, আইসিসি থেকে লভ্যাংশও আসবে না।’
মিরাজ নাজমুল ইসলামের মন্তব্যকে ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখতে চান না। তার মতে, বিষয়টি পুরো ক্রীড়াঙ্গনের সম্মানের সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘এটা শুধু ব্যক্তিগত না, পুরো ক্রীড়াঙ্গনের জন্য লজ্জার। এমন মন্তব্য দায়িত্বে থেকে করা উচিত নয়।’
পরিশেষে, মিরাজ ভুল ধারণাও স্পষ্টভাবে ভাঙেন। অনেকেই মনে করেন ক্রিকেটাররা সরকারের টাকা পান। তিনি বলেন, ‘না, আমরা মাঠে খেলেই পুরো টাকা পাই। তাছাড়া আমাদের আয়করও সবচেয়ে বেশি—প্রায় ২৫–৩০ শতাংশ। এটা বাংলাদেশে সর্বোচ্চ।’
এমআই