ম্যাচে নামার আগে দুঃসংবাদ পেল রিশাদের দল
খেলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ২০:৫৬
ডু অর ডাই ম্যাচের আগে বড় ধাক্কা খেল হোবার্ট হারিকেনস। বিগ ব্যাশ লিগের নকআউট পর্বে মাঠে নামার ঠিক আগমুহূর্তে চোটের কারণে ছিটকে গেছেন দলের নিয়মিত অধিনায়ক ও প্রধান পেসার নাথান এলিস। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে রিশাদ হোসেনের দল।
প্রথমবার বিগ ব্যাশে খেলতে নেমেই নজরকাড়া পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ। উইকেট তালিকায় শীর্ষের লড়াইয়ে থাকা এই স্পিনারকে নিয়ে আত্মবিশ্বাসী ছিল হোবার্ট। তবে নকআউট ম্যাচের আগে অধিনায়কের ইনজুরি সেই ছন্দে বড় বাধা হয়ে দাঁড়াল।
আগামীকাল (বুধবার) মেলবোর্ন স্টারসের বিপক্ষে নকআউট ম্যাচে মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস। তার আগে ১৪ জানুয়ারি ব্রিসবেন হিটের বিপক্ষে লিগপর্বের শেষ ম্যাচে চোট পান নাথান এলিস। তখন চোটের মাত্রা স্পষ্ট না হলেও নকআউটের আগে ছিটকে যান এই অজি পেসার।

হোবার্ট কর্তৃপক্ষ জানায়, ‘নাথান এলিসকে কবে নাগাদ পাওয়া যাবে, তা আগামী কয়েকদিন পর্যবেক্ষণের পরই নিশ্চিত হওয়া যাবে।’ পাওয়ার প্লে ও ডেথ ওভারে কার্যকর ভূমিকা রাখা এলিস চলতি আসরে হোবার্টের হয়ে সর্বোচ্চ ১৪ উইকেট শিকার করেছেন, ইকোনমি ৯.০৩। তার অনুপস্থিতি নকআউট ম্যাচে হোবার্টের জন্য বড় ধাক্কাই বলা যায়।
এদিকে এলিসের পরই উইকেট তালিকায় রয়েছেন রিশাদ হোসেন। ৭.৩২ ইকোনমিতে ১৩ উইকেট নিয়ে দারুণ ছন্দে আছেন তিনি। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে নকআউট ম্যাচে হোবার্টকে নেতৃত্ব দেবেন বেন ম্যাকডারমট।
মেলবোর্ন স্টারসের বিপক্ষে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে গত আসরের চ্যাম্পিয়নদের। তবে হোবার্টে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে থাকা হোবার্ট সরাসরি চ্যালেঞ্জার ম্যাচে উঠে যাবে। ফাইনালের টিকিট পেতে সেই ম্যাচ খেলতে হবে আগামী শুক্রবার।
এমআই