‘টি-টোয়েন্টিতে এমন উইকেট একদমই আদর্শ না’
খেলা ডেস্ক
২০ জানুয়ারি ২০২৬, ২১:৩৪
সিলেট পর্ব শেষে বিপিএল ফিরেছে ঢাকায়। মঙ্গলবার মাঠে গড়িয়েছে শেষ চারের প্রথম ম্যাচ। তবে দিনটির ম্যাচটি ছিল লো-স্কোরিং, যেখানে ব্যাটারদের চেয়ে বোলারদের আধিপত্যই বেশি চোখে পড়েছে। ম্যাচ শেষে উইকেটের চরিত্র নিয়ে প্রশ্নের মুখে পড়েন রংপুর রাইডার্স অধিনায়ক লিটন দাস।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বিপিএলের মতো টুর্নামেন্টে এমন উইকেট আদর্শ কি না, এমন প্রশ্নে লিটন স্পষ্টভাবেই নিজের অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, ‘টি-টোয়েন্টির জন্য এটা আদর্শ উইকেট না, এটুকু বলতে পারি। বিশ্বকাপের জন্য উপযোগী কি না, সেটা আমি জানি না। কোয়ালিফায়ার ম্যাচ ছিল, আরও ভালো উইকেট আশা করেছিলাম।’
উইকেটের কঠিন চরিত্রই ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে বলে মনে করেন লিটন। তিনি বলেন, ‘উইকেট টাফ দেখেই দুই দলই স্ট্রাগল করেছে। এমন না যে, ১০ ওভারে ম্যাচ শেষ হয়ে গেছে। শেষ বল পর্যন্ত গিয়েছে, সেটাই প্রমাণ করে উইকেটটা কতটা কঠিন ছিল। নতুন বলটা ছিল খুবই চ্যালেঞ্জিং। শুরুতেই উইকেট পড়ে যাওয়ায় আমরা ব্যাকফুটে চলে যাই।’
শেষ পর্যন্ত ফলাফল মেনে নিলেও ম্যাচের মান নিয়ে আক্ষেপ লিটনের কণ্ঠে। বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক আরও বলেন, ‘ম্যাচ হারলেও সমস্যা নেই। কিন্তু ক্রিকেটটা যদি আরও ব্যালান্সড হতো, যদি খেলাটা ক্রিকেটের মতো হতো, তাহলে আমার মনে হয় সবার জন্যই আরও ভালো হতো।’
এমআই