বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল আইসিসি
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৩
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনিচ্ছুক বাংলাদেশ। বিকল্প ভেন্যুতে ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়ে আইসিসির সঙ্গে একাধিক দফা আলোচনা চালালেও এখনো সমাধান মেলেনি। শেষ পর্যন্ত আজকের সভায় বাংলাদেশকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে এক দিনের সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে ভার্চুয়াল সভায় বসে আইসিসি। বৈঠকে অংশ নেন পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা, সঙ্গে ছিলেন সংস্থাটির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন কর্মকর্তা। এই সভাতেই বিশ্বকাপে খেলা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা জানিয়েছে আইসিসি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, আলোচনায় অংশ নেওয়া অধিকাংশ সদস্যই বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার পক্ষে মত দিয়েছেন। সভায় স্পষ্ট করে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ যদি অংশগ্রহণে অনিশ্চয়তা বজায় রাখে বা খেলতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের জায়গায় স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।
সব মিলিয়ে এখন বিসিবির সামনে সময় মাত্র এক দিন। নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২২ জানুয়ারি। এই সময়ের মধ্যেই ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না, সে বিষয়ে আইসিসিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে। সিদ্ধান্তের অপেক্ষায় এখন ক্রিকেট বিশ্ব।
এদিকে বাংলাদেশের বিশ্বকাপে খেলা ইস্যুতে আজ বিকেলে ভার্চুয়াল সভার আয়োজন করেছে আইসিসি। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধিত্ব করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। আইসিসি চেয়ারম্যান জয় শাহ ছাড়াও সভায় আরও আছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা, পাকিস্তান ক্রিকেটের চেয়ারম্যান মহসিন নাকভি, ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড, জিম্বাবুয়ে ক্রিকেটের সভাপতি তাভেঙ্গা মুকুহলানি, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সভাপতি কিশোর শ্যালো, ক্রিকেট আয়ারল্যান্ডের চেয়ারম্যান ব্রায়ান ম্যাকনেইস, ক্রিকেট নিউজিল্যান্ডের প্রতিনিধি রজা তিওসে, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রিচার্ড থম্পসন, ক্রিকেট সাউথ আফ্রিকার প্রতিনিধি মোহাম্মদ মুসাজি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ উপস্থিত ছিলেন।
এ ছাড়া আইসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জোগ গুপ্ত, আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, ইভেন্টসের মহাব্যবস্থাপক গৌরব সাক্সেনা এবং দুই সহযোগী সদস্য পরিচালক মুবাশ্বির উসমানি ও মাহিন্দা ভালিপুরম সভায় অংশ নিয়েছেন। বৈঠকে অংশ নেওয়া সবার সম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
এমআই