Advertisement
Us Bangla Airlines
সিলেটের আশা ভঙ্গ করে ফাইনালে রাজশাহী

সিলেটের আশা ভঙ্গ করে ফাইনালে রাজশাহী

খেলা ডেস্ক

২১ জানুয়ারি ২০২৬, ২১:৫৩

শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে শেষ চারে উঠেছিল সিলেট টাইটানস। এলিমিনেটরে রংপুরকে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস ছিল তুঙ্গে। কিন্তু ফাইনালের এক ধাপ আগে এসে সেই স্বপ্ন ভেঙে চুরমার হলো। দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ১২ রানে হেরে বিদায় নিল মেহেদী হাসান মিরাজের দল, আর উল্লাসে ফাইনালের টিকিট কেটে নিল রাজশাহী।

মিরপুরে টসে হেরে আগে ব্যাট করতে নামে রাজশাহী। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান। দুজনে মিলে গড়েন ৪১ রানের জুটি। ২১ বলে ২৬ রান করে ফারহান ফিরলেও তানজিদ চালিয়ে যান ঝড়ো ব্যাটিং। পাওয়ারপ্লে শেষে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৬১/১।

তিনে নেমে এক প্রান্ত আগলে রাখেন কেইন উইলিয়ামসন। ১৫ বলে ৩২ রান করা তানজিদ থামেন দলীয় ৬২ রানে। এরপর দ্রুতই ফিরে যান নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও এস এম মেহেরব হোসেন। তাতে ৮০ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে মাঝের ওভারগুলোতে বেশ চাপে পড়ে রাজশাহী ওয়ারিয়র্স।

চার নম্বরের পরিবর্তে কেন ওপেনিংয়ে পারভেজ ইমন?

তবে শেষভাগে জিমি নিশামের ঝড়ো ইনিংসে আবার গতি পায় রাজশাহীর ইনিংস। আগ্রাসী ব্যাটিংয়ে ২৬ বলে ৪৪ রান করেন নিশাম। অন্য প্রান্তে সাবলীল ব্যাটিংয়ে উইলিয়ামসন করেন ৩৮ বলে ৪৫ রান। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রাজশাহী। সিলেটের হয়ে ৩ উইকেট নেন সালমান ইরশাদ, দুটি করে উইকেট মিরাজ ও নাসুম আহমেদ।

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপর্যয়ে পড়ে সিলেট। প্রথম ওভারেই শূন্য রানে ফেরেন জাকির হাসান, আরিফুল ইসলামও খাতা খুলতে পারেননি। ৭ রানের মধ্যেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। সেখান থেকে দলের হাল ধরেন পারভেজ হোসেন ইমন ও স্যাম বিলিংস। ঠাণ্ডা মাথার ব্যাটিংয়ে ইনিংস এগিয়ে নেন দুজন।

ইমন ৩৪ বলে ৪৮ রান করে ফিফটির কাছে গিয়ে ফিরলেও তখন ম্যাচে ফিরেছিল সিলেট। তবে মঈন আলী ব্যর্থ হলে আবার চাপ বাড়ে। বিলিংস ও আফিফ হোসেন ধ্রুবের জুটি কিছুটা আশা জাগালেও বিলিংসের উইকেট পড়ে যাওয়ার পর ম্যাচ সিলেটের হাত ফসকে যেতে থাকে।

আফিফ ও মিরাজ পরপর ফিরলে জয়ের সমীকরণ কঠিন হয়ে ওঠে। শেষ দিকে ক্রিস ওকস চেষ্টা করলেও শেষ দুই ওভারে প্রয়োজনীয় রান তুলতে পারেনি সিলেট। শেষ পর্যন্ত ১২ রানের জয় নিশ্চিত করে রাজশাহী ওয়ারিয়র্স। ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান বিনুরা ফার্নান্দো। ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

আগামী ২৩ জানুয়ারি ফাইনাল ম্যাচের মাধ্যমে পর্দা নামবে বিপিএলের। শিরোপা নির্ধারণী ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স।

এমআই