আইসিসি থেকে ‘মিরাকল’ আশা করে যা বললেন বুলবুল
খেলা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬, ২২:৫২
আইসিসির কাছ থেকে ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যাত হলেও এখনো আশা ছাড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অলৌকিক কিছু ঘটে যেতে পারে—এমন বিশ্বাসই প্রকাশ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার প্রত্যাশা, শেষ মুহূর্তে আইসিসি মন বদলাতে পারে এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরিয়ে নিতে পারে।
বুধবার ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের অবস্থানের পক্ষে ভোট দেয় কেবল পাকিস্তান। সেই সভার পরই আইসিসি বিসিবিকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে আরও ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দেয়। নির্ধারিত সময়ের মধ্যে অবস্থান না বদলালে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হবে।
সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘আমি আইসিসির কাছ থেকে অলৌকিক কিছু আশা করছি। কে না চায় বিশ্বকাপ খেলতে? আইসিসির প্রেস রিলিজের পর আমরা আসলে কোনো মন্তব্য করতে পারি না। দেড় ঘণ্টার বৈঠকে ভোটের আগে আমরা আমাদের সিদ্ধান্তের কারণগুলো ব্যাখ্যা করেছি।’
তিনি আরও জানান, ‘আমাদের খেলোয়াড়রা খেলতে চায়, সরকারও চায় বাংলাদেশ খেলুক। কিন্তু আমরা মনে করি না ভারত আমাদের খেলোয়াড়দের জন্য নিরাপদ। তাই আমরা ম্যাচগুলো শ্রীলঙ্কায় নেওয়ার প্রস্তাব দিয়েছিলাম। এমনকি আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদলের কথাও বলেছি। সেটাই সবচেয়ে সহজ সমাধান হতে পারত।’
ভোটাভুটির পরও শেষ সুযোগ হিসেবে সরকারের সঙ্গে আলোচনার সময় চেয়েছেন বলে জানান বুলবুল। তিনি আরও বলেন, ‘আমি আইসিসিকে বলেছি, সরকারকে জানানোর জন্য আমাকে শেষ একটা সুযোগ দিন। তারা এটিকে যৌক্তিক বলেছে এবং ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় দিয়েছে।’
সরকারের ওপর চাপ দিতে চান না বলেও স্পষ্ট করেছেন বিসিবি সভাপতি। বুলবুল বলেন, ‘আমি সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চাই না। একটি সরকার যখন সিদ্ধান্ত নেয়, তখন শুধু খেলোয়াড়দের কথা নয়, সবকিছু বিবেচনায় নেয়। আমরা সরকারের সঙ্গে আবার কথা বলব এবং তাদের মতামত আইসিসিকে জানাব।’
এমআই