ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে চূড়ান্ত অবস্থানে বাংলাদেশ
খেলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ১৭:২১
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে চূড়ান্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। এই সিদ্ধান্ত বদলানোর কোনো সুযোগ নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। নিরাপত্তার প্রশ্নে একচুলও ছাড় দিতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সরকার।
আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, সরকারের পক্ষ থেকেই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সেই অবস্থান থেকে সরে আসার মতো কোনো বাস্তব পরিবর্তন ঘটেনি। যে নিরাপত্তা উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত, সেটিও আগের মতোই বহাল আছে।
আসিফ নজরুল বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা সবাই চেয়েছি টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। কিন্তু ভারতে খেলার ক্ষেত্রে যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তার কোনো পরিবর্তন হয়নি। এই আশঙ্কা কোনো ধারণা বা তাত্ত্বিক বিশ্লেষণের ফল নয়। বাস্তব ঘটনার ভিত্তিতেই আমাদের এই অবস্থান।’
বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের অনুরোধে আইসিসির ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ক্রীড়া উপদেষ্টা। তার মতে, আইসিসি এখনো সুবিচার করেনি। তিনি বলেন, ‘আমাদেরকে এই বিষয়ে মানানোর জন্য আইসিসি কোন চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ঘটনা সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড নিরাপত্তা প্রক্রিয়া নিয়ে আলোচনা করেছে।’
বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশ এখনো চায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজন করতে এবং সে লক্ষ্যেই আইসিসির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিসিবি।
আইপিএলে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘মোস্তাফিজ নিজে সরে যায়নি, তার কোনো ইনজুরিও নেই। বিসিবি এনওসি বাতিল করেনি। নিরাপত্তাজনিত কারণেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। বিষয়টি আইসিসিকে জানানো হয়েছে এবং বাংলাদেশ স্পষ্টভাবেই বিকল্প ভেন্যুতে খেলতে আগ্রহী।’
এমআই