মতামত নিতে নয়, সরকারের সিদ্ধান্ত জানাতেই ক্রিকেটারদের সঙ্গে বৈঠক
খেলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ১৯:৩২
ভারত বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিনের সময় দিয়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সেই সময়সীমার পর আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠক শেষে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারতে খেলতে যাবে না বাংলাদেশ।
আজ দুপুরে বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন ক্রীড়া উপদেষ্টাসহ বিসিবির কয়েকজন কর্মকর্তা। ধারণা করা হচ্ছিল, আলোচনা সভায় বিশ্বকাপে খেলতে যাওয়া নিয়ে ক্রিকেটারদের মতামত নেওয়া হবে। তবে বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ক্রিকেটারদের সরকারের সিদ্ধান্তের ব্যাখ্যা দেওয়া, মতামত নেওয়া নয়।
ক্রীড়া উপদেষ্টা জানান, ‘ক্রিকেটারদের সঙ্গে আমাদের আজকের মিটিংয়ের লক্ষ্য ছিল, সরকার কেন এই সিদ্ধান্ত নিয়েছে তা বিস্তারিতভাবে বোঝানো। ক্রিকেটাররা বিষয়টি বুঝেছেন। তবে তারা কী বলেছেন, তা প্রকাশ করার অধিকার আমার নেই।’
আইসিসির সঙ্গে একাধিক বৈঠকে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকির বিষয়টি তুলে ধরেছে, কিন্তু আইসিসি ভারতেই খেলানোর আগ্রহ দেখিয়েছে। এ প্রসঙ্গে আসিফ নজরুল মন্তব্য করেন, ‘এটা বাংলাদেশের প্রতি সুবিচার নয়। আমাদের অবস্থান স্পষ্ট—যে নিরাপত্তা উদ্বেগের কারণে আমরা ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, সেটি পরিবর্তন হয়নি।’
তিনি আরও বলেন, ‘আইসিসি চাইতে পারে আমাদের নিরাপত্তা ঝুঁকি নেই, কিন্তু যেই দেশে আমাদের একজন খেলোয়াড় (মোস্তাফিজ) নিরাপদ নয়, সেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডও নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে অক্ষম বা অনীহ। সেই কারণে আমরা ভারতে খেলতে যাচ্ছি না।’
এমআই