Advertisement
Us Bangla Airlines
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

খেলা ডেস্ক

২০ জানুয়ারি ২০২৬, ২১:১৭

থাইল্যান্ডের ব্যাংককে চলমান সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্টে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কাকে ৫–১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। নিয়ন্ত্রিত খেলা, কার্যকর আক্রমণ আর অধিনায়ক রাহবার খানের নৈপুণ্যে একপেশে ম্যাচে বড় ব্যবধানের জয় তুলে নেয় বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটসাল খেলতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধে দুই গোলই আসে অধিনায়ক রাহবার খানের পা থেকে। প্রথম গোলটি তিনি করেন বামপ্রান্ত থেকে নেওয়া দৃষ্টিনন্দন কোনাকুনি শটে। কিছুক্ষণ পর ডান প্রান্ত থেকে আরও একবার নিখুঁত ফিনিশিংয়ে লঙ্কান জাল কাঁপান তিনি। বিরতিতে যাওয়ার আগে অবশ্য একবার সমতায় ফেরে শ্রীলঙ্কা। 

বাংলাদেশের গোলরক্ষক রাব্বি বক্সের সামনে ফাউল করলে ফ্রি কিক পায় লঙ্কানরা। অধিনায়কের নেওয়া শটে ১–১ সমতা আসে। তবে বেশিক্ষণ টিকতে পারেনি সেই সমতা। কয়েক মিনিটের মধ্যেই আবার গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন রাহবার। প্রথমার্ধ শেষ হয় ২–১ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে আরও ধারালো হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ। তৃতীয় গোলেও অবদান রাখেন অধিনায়ক রাহবার। তার বাড়ানো বলে পোস্টের সামনে নিখুঁত প্লেসিংয়ে গোল করেন মঈন। ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। অন্তিম মুহূর্তে আবিরের গোলটি ছিল চোখ জুড়ানো।

লঙ্কানদের আক্রমণ প্রতিহত করার পর নিজেদের বক্সের একটু সামনে থেকে নেওয়া তার লম্বা শট সরাসরি জালে জড়িয়ে পড়ে। গোলরক্ষক ও ডিফেন্ডাররা তখন পোস্টে ছিলেন না।

কানাডা প্রবাসী ফুটবলার রাহবার খান একসময় ব্রিটিশ কোচ জেমি ডের অধীনে জাতীয় দলে খেলেছিলেন। এরপর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকলেও গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে ফেরেন ফুটসাল দলে। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে তাকে অধিনায়কত্ব দেয় ফুটসাল কমিটি, আর সেই দায়িত্ব কাঁধে নিয়েই নেতৃত্বগুণের দারুণ প্রমাণ দিলেন তিনি।

এমআই