রিশাদকে ইংল্যান্ডের লিগে খেলাতে চান স্যাম বিলিংস
খেলা ডেস্ক
২২ জানুয়ারি ২০২৬, ২২:৩৪
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বদলে দিয়েছে ক্রিকেটারদের সম্পর্কের সীমানা। সেই গল্পেরই নতুন অধ্যায় লিখছেন বাংলাদেশের রিশাদ হোসেন ও ইংল্যান্ডের স্যাম বিলিংস। পাকিস্তান সুপার লিগে একসঙ্গে খেলার সুবাদে গড়ে ওঠা বন্ধুত্বের টানেই এবার রিশাদকে ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে খেলাতে চান বিলিংস।
পিএসএলের সর্বশেষ আসরে লাহোর কালান্দার্সে সতীর্থ ছিলেন এই দুই ক্রিকেটার। বর্তমানে বিগ ব্যাশ লিগে দুর্দান্ত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন রিশাদ। আগামী মৌসুমে ভাইটালিটি ব্লাস্টে নিজের দল কেন্ট স্পিটফায়ার্সে রিশাদকে খেলাতে চান ইংলিশ ব্যাটার স্যাম বিলিংস।
রিশাদকে নিয়ে নিজের আগ্রহের কথা লুকাননি বিলিংস। তিনি বলেন, ‘কালই রিশাদের সঙ্গে কথা হয়েছে। আমি বাংলাদেশে এসেছি শুনে সে খুব খুশি। রিশাদ একজন অসাধারণ মানুষ এবং ভীষণ পরিশ্রমী খেলোয়াড়। গত বছরই তাকে কেন্টে নিতে চেয়েছিলাম, কিছু সমস্যার কারণে হয়নি। এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে চাই না।’
সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিগ ব্যাশে খেলছেন রিশাদ। পিএসএলেও অভিষেক মৌসুমেই নজর কাড়েন এই লেগ স্পিনার। সাকিব ও মুস্তাফিজের পর বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি লিগগুলোতে রিশাদের ভালো সম্ভাবনা দেখছেন বিলিংস।
বিলিংসের ভাষায়, ‘রিশাদ খুব দ্রুত উন্নতি করছে। সাকিব দীর্ঘ সময় ধরে বিশ্ব ক্রিকেটে আধিপত্য করেছে। রিশাদের কাজের প্রতি নিষ্ঠা অসাধারণ। আমি বিশ্বাস করি, সে অনেক দূর যাবে।’
এমআই