‘বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা, তবু কীভাবে ভারতে ম্যাচ?’
খেলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ১৭:৫৫
নিরাপত্তার শঙ্কা উপেক্ষা করেই ভারতে বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ বহাল রাখছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এতেই ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় অভিযোগ করেন, নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে এক মানদণ্ড আর বাংলাদেশের ক্ষেত্রে আরেক মানদণ্ড প্রয়োগ করছে আইসিসি।
বাংলাদেশ দলের খেলোয়াড়, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে আইসিসি ‘নিরাপত্তা হুমকি নেই’ দাবি করে বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে। এই অবস্থানে বিসিবি ও বাংলাদেশ সরকার অনড়—ভারতে নয়, শ্রীলঙ্কাতেই ম্যাচ আয়োজনের দাবি জানিয়েছে তারা।
এই প্রেক্ষাপটে ফারুকী তার ফেসবুক পোস্টে সাম্প্রতিক ঘটনাগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। তিনি লেখেন, ভারতে বাংলাদেশি সন্দেহে মানুষকে পিটিয়ে হত্যার একাধিক ঘটনার খবর প্রকাশিত হয়েছে। ঠিক এক দিন আগেই পশ্চিমবঙ্গে জন্ম নেওয়া এক মুসলিম যুবক মঞ্জুর লস্করকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যার খবর দিয়েছে দ্য টেলিগ্রাফ অব ইন্ডিয়া।
এছাড়া মুম্বাইয়ে বাংলাদেশ–ভারত ম্যাচ আয়োজন নিয়ে শিবসেনা নেতা আদিত্য ঠাকরের সতর্কবার্তার কথাও উল্লেখ করেন সংস্কৃতি উপদেষ্টা। তার মতে, এসব ঘটনার সঙ্গে দীর্ঘদিনের বাংলাদেশবিরোধী ঘৃণা প্রচারণা যুক্ত করলে ছবিটা আরও স্পষ্ট হয়—যার ফল হিসেবে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফারুকীর ভাষায়, ‘সব মিলিয়ে ভারতে বাংলাদেশি খেলোয়াড়দের জন্য নিরাপত্তা হুমকি বাস্তব এবং গুরুতর।’
আইসিসির কড়া মন্তব্য করে ফারুকী বলেন, ‘আইসিসি যদি সত্যিই নিজেকে সব সদস্য দেশের প্রতি ন্যায্য ও নিরপেক্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে বাংলাদেশের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়াই হবে যুক্তিসংগত সিদ্ধান্ত। নিরপেক্ষতা প্রমাণের দায় এখন আইসিসির।’
এমআই