চট্টগ্রামকে হারিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী
খেলা ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ২১:৫২
শিরোপা নির্ধারণী মঞ্চে প্রত্যাশিত উত্তেজনার দেখা মিলল না খুব একটা। শুরু থেকেই ম্যাচের লাগাম নিজের হাতে নিয়ে রাখল রাজশাহী ওয়ারিয়র্স। টুর্নামেন্টে সবার আগে ফাইনাল নিশ্চিত করা চট্টগ্রাম রয়্যালসকে একপ্রকার পাত্তাই না দিয়ে ৬৩ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে বিপিএলের নতুন চ্যাম্পিয়ন হলো নাজমুল হোসেন শান্তর দল।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠান চট্টগ্রামের অধিনায়ক শেখ মেহেদী হাসান। তবে সেই সিদ্ধান্ত যে পরে কাল হয়ে দাঁড়াবে, তার আভাস পাওয়া যায় শুরুতেই। উড়ন্ত সূচনায় রাজশাহীর দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান গড়েন ৮৩ রানের জুটি। ৩০ বলে ৩০ রান করে ফারহান বিদায় নিলেও একপ্রান্ত আগলে রেখে তাণ্ডব চালাতে থাকেন তানজিদ।

দ্বিতীয় উইকেটে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তানজিদ। ১৫ বলে ২৪ রান করে শরিফুল ইসলামের বলে আউট হন উইলিয়ামসন। এরপর পুরো আলো নিজের করে নেন তানজিদ হাসান তামিম। ফিফটি পেরিয়ে তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি—বিপিএলের এবারের আসরে তার চতুর্থ শতক। একই সঙ্গে বিপিএল ফাইনালে সেঞ্চুরির ক্লাবে নাম লেখান তৃতীয় ব্যাটার হিসেবে। এর আগে এই কীর্তি ছিল কেবল ক্রিস গেইল ও তামিম ইকবালের।
শেষ পর্যন্ত ৬২ বলে ১০০ রানে থামে তানজিদের ইনিংস। ছয়টি চার আর সাতটি ছয়ে সাজানো ছিল এই অনবদ্য শতক। অধিনায়ক শান্ত করেন ১১ রান, আর জিমি নিশাম অপরাজিত থাকেন ৭ রানে। নির্ধারিত ২০ ওভারে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ১৭৪ রান। চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধসে পড়ে চট্টগ্রাম রয়্যালসের ব্যাটিং। দলীয় ১৮ রানের মধ্যেই হারায় দুই উইকেট। ওপেনার মোহাম্মদ নাঈম শেখ করেন ১০ বলে ৯ রান, আর মাহমুদুল হাসান জয় খাতা খুলতেই পারেননি। হাসান নেওয়াজের ৭ বলে ১১ রানের ইনিংসও চাপ কাটাতে পারেনি।
চতুর্থ উইকেটে জাহিদুজ্জামান ও মির্জা বেগ কিছুটা লড়াইয়ের চেষ্টা করলেও ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ ক্রমেই হাতছাড়া হয়ে যায়। ১৩ বলে ১১ রান করে আউট হন জাহিদুজ্জামান। অন্যপ্রান্তে ৩৬ বলে ৩৯ রান করে ফেরেন মির্জা বেগ। আসিফ আলী (২১) ও আমির জামাল (৮) ছোট ছোট ঝলক দেখালেও বড় ইনিংস গড়তে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ১১১ রানেই গুটিয়ে যায় চট্টগ্রামের ইনিংস।

রাজশাহীর হয়ে বল হাতে দুর্দান্ত ছিলেন বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় নেন চারটি উইকেট। তিনটি উইকেট শিকার করেন হাসান মুরাদ। এছাড়া জিমি নিশাম নেন দুটি ও আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট।
এই জয়ে বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো রাজশাহী। এর আগে ২০১৯–২০ মৌসুমে রাজশাহী রয়্যালস নামে শিরোপা জিতেছিল ফ্র্যাঞ্চাইজিটি। বিপিএলের ইতিহাসে এখনো সর্বোচ্চ চারবার চ্যাম্পিয়নের মুকুট কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দখলে। তিনবার শিরোপা জিতেছে ঢাকা, দুবার করে রাজশাহী ও বরিশাল, আর একবার চ্যাম্পিয়ন হয়েছে রংপুর রাইডার্স।
এমআই