Advertisement
Us Bangla Airlines
বিপিএলের নতুন দুই ভেন্যুর কথা জানালেন মুশফিক

বিপিএলের নতুন দুই ভেন্যুর কথা জানালেন মুশফিক

খেলা ডেস্ক

২৬ জানুয়ারি ২০২৬, ২২:৫৭

বিপিএলের দ্বাদশ আসরে শিরোপা জয়ের উচ্ছ্বাস এখনো কাটেনি রাজশাহী ওয়ারিয়র্স শিবিরে। চ্যাম্পিয়ন হওয়ার পর আজ সোমবার ট্রফি হাতে নিজ শহর রাজশাহীতে ফেরেন দলের ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমদের নিয়ে ছাদখোলা বাসে হয় বর্ণাঢ্য রোড-শো।

শহরজুড়ে উচ্ছ্বাস আর ভালোবাসার সেই আবহে গণমাধ্যমের মুখোমুখি হন অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার মুশফিক। সেখানে বিপিএলের ভবিষ্যৎ আয়োজন নিয়ে নিজের প্রত্যাশার কথা জানান মুশফিক। বিশেষ করে রাজশাহী ও বগুড়ায় বিপিএল ম্যাচ আয়োজনের পক্ষে জোরালো মত দেন তিনি।

মুশফিক বলেন, ‘আমি মনে করি রাজশাহী ও বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত। বিপিএল আয়োজনের জন্য যে প্রস্তুতিগুলো দরকার, আশা করি বিসিবি সেগুলো দেখবে। হাতে এখনো এক বছর সময় আছে। রাজশাহী ও বগুড়ায় খেলা হলে দর্শকসংখ্যা আরও বাড়বে।’

চ্যাম্পিয়ন দলের ক্রিকেটারদের এক নজর দেখতে এদিন রাজশাহীতে ছিল উপচেপড়া ভিড়। শহরের যেখানেই ট্রফি নিয়ে হাজির হয়েছেন রাজশাহী ওয়ারিয়র্সের ক্রিকেটাররা, সেখানেই সমর্থকদের ভিড় আর উচ্ছ্বাস চোখে পড়ার মতো। সমর্থকদের এমন ভালোবাসায় দারুণ উচ্ছ্বসিত মুশফিক।

রাজশাহীর মানুষ এই ট্রফির যোগ্য দাবিদার বলেও মনে করেন তিনি। মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, সবার ভালোবাসা পেয়ে খুব ভালো লেগেছে। এটা অবশ্যই রাজশাহীবাসীর প্রাপ্য ছিল। অনেক দিন পর তারা ট্রফি জিতেছে। নাবিল গ্রুপের জন্যও এটা বড় পাওয়া।’

এমআই