Advertisement
Us Bangla Airlines
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে অস্ট্রেলিয়ার সংশয়

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে অস্ট্রেলিয়ার সংশয়

খেলা ডেস্ক

৩০ জানুয়ারি ২০২৬, ২২:৪৯

ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে নতুন করে অনিশ্চয়তার মেঘ। নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বিশ্ব ক্রিকেটের বড় শক্তিগুলোর মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে, যার প্রভাব পড়েছে অস্ট্রেলিয়া শিবিরেও। পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ক্রিকেট অস্ট্রেলিয়া ও দেশটির স্বাস্থ্য বিভাগ।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডির প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যেই ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে। সেই তালিকায় অস্ট্রেলিয়ার নামও যুক্ত হওয়ায় টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে।

নিপা ভাইরাস নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার জানিয়েছেন, তারা পুরো পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছেন। তিনি বলেন, ‘নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় প্রবেশকারী অসুস্থ যাত্রীদের জন্য আলাদা কোনো প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি।’

এশিয়ার বিভিন্ন দেশের বিমানবন্দরে ইতোমধ্যে যাত্রী স্ক্রিনিং শুরু হলেও, অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপ করছে না। তবে পরিস্থিতি খারাপ হলে সিদ্ধান্ত বদলাতেও পিছপা হবে না বলে ইঙ্গিত মিলেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। সংক্রমণের ঝুঁকি বিবেচনায় ভারতে স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা জারি করেছে।

খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে যখন শঙ্কা বাড়ছে, তখনই পাক-গণমাধ্যমের নতুন দাবি। ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের আরও কয়েকটি দেশও ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে। এমন পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার গুঞ্জন ছড়িয়েছে।

বর্তমান সূচি অনুযায়ী, ২০ দলের বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ হওয়ার কথা। এর মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, কয়েক দিন আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

এমআই