ক্রিকেটের পর ফুটবলেও অনিশ্চয়তা, বিশ্বকাপ বয়কট করতে চায় ৩ দেশ
খেলা ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৬, ১৫:১৮
বিশ্ব ক্রীড়াঙ্গনে যেন একের পর এক বয়কটের ঢেউ। ক্রিকেট বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়া এবং পাকিস্তানের বর্জনের হুমকির রেশ কাটতে না কাটতেই এবার একই সুর ফুটবল বিশ্বকাপেও। আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বয়কটের কথা ভাবছে অন্তত তিনটি দেশ। যা নিয়ে তীব্র চাপে পড়েছে ফিফা ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত আমেরিকা, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে হবে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। ১১৪ ম্যাচের মধ্যে ৭৪টিই অনুষ্ঠিত হওয়ার কথা যুক্তরাষ্ট্রে। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন ও ভিসা নীতির কারণে এবার ফুটবল বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে।
বয়কটের হুমকিকে প্রকাশ্যে এনেছেন ফিফার সাবেক ‘স্বাধীন পরিচালন কমিটি’এর চেয়ারম্যান মার্ক পিয়েত। এক সাক্ষাৎকারে তিনি সরাসরি বলেছেন, ফুটবলপ্রেমীদের আমেরিকায় না যাওয়াই ভালো। সীমান্তে প্রবেশের সময় যাত্রীদের হেনস্থার অভিজ্ঞতা তুলে ধরে তিনি যুক্তরাষ্ট্রের পরিবেশকে বিশ্বকাপ আয়োজনের জন্য অনুপযুক্ত বলে ইঙ্গিত দেন।
ডেনমার্ক ইতোমধ্যে বিশ্বকাপ বয়কটের দাবি তুলেছে। তাদের পাশে দাঁড়িয়েছে জার্মানি। একই পথে হাঁটার কথা ভাবছে নেদারল্যান্ডসও। সেখানে দেড় লক্ষের বেশি মানুষ বিশ্বকাপ বর্জনের পক্ষে পিটিশনে সই করেছেন।
বয়কটের দাবিতে আরও জোর এসেছে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের কণ্ঠে। তাঁর মতে, রাজনৈতিক পক্ষপাত ও মানবাধিকার প্রশ্নে বিতর্ক থাকা অবস্থায় আমেরিকায় বিশ্বকাপ আয়োজনই ভুল সিদ্ধান্ত। টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও ফিফার নীরবতা ক্ষোভ বাড়িয়েছে।
ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় সম্প্রতি মিনিয়াপোলিসে সহিংসতায় একজনের মৃত্যুও পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরে ট্রাম্প সেনেগাল, আইভরি কোস্ট, ইরান ও হাইতির মতো দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন। অথচ এই দেশগুলিই বিশ্বকাপে অংশ নেবে।
এর মধ্যেই গ্রিনল্যান্ড দখল প্রসঙ্গে ট্রাম্পের বক্তব্য ইউরোপে ক্ষোভ উসকে দিয়েছে। ডেনমার্ক ইতোমধ্যে বিশ্বকাপ বয়কটের দাবি তুলেছে। তাদের পাশে দাঁড়িয়েছে জার্মানি। একই পথে হাঁটার কথা ভাবছে নেদারল্যান্ডসও। সেখানে দেড় লক্ষের বেশি মানুষ বিশ্বকাপ বর্জনের পক্ষে পিটিশনে সই করেছেন।
এমআই