Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপে যাওয়ার আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

বিশ্বকাপে যাওয়ার আগে দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া

খেলা ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৬, ১৪:২৫

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় দুঃসংবাদ পেল অস্ট্রেলিয়া। পিঠের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছেন প্যাট কামিন্স। তার জায়গায় দলে ঢুকেছেন বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। একই সঙ্গে দল থেকে বাদ পড়েছেন ম্যাথু শর্ট, আর ফর্ম ও স্পিন-সামলানোর দক্ষতার কারণে জায়গা করে নিয়েছেন ম্যাট রেনশো।

অ্যাশেজ চলাকালে ইনজুরিতে পড়েন প্যাট কামিন্স। ধারণা করা হচ্ছিলো, বিশ্বকাপ শুরুর আগেই ফিট হবেন তিনি। এ কারণে প্রাথমিক স্কোয়াডেও জায়গা পেয়েছিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টেস্ট অধিনায়ক। তবে সবশেষ খবর অনুযায়ী, কামিন্সের পুরোপুরি সেরে উঠতে তার আরও সময় দরকার। বোর্ডের ধারণা, আইপিএলের আগেই ফিট হয়ে উঠবেন তিনি।

অস্ট্রেলিয়ান ক্রিকেটের নির্বাচক টনি ডোডেমেইড বলছেন, ‘কামিন্সের চোটের কারণে বেন ডোয়ারশুইস বিকল্প হিসেবে প্রস্তুত ছিল। বাঁহাতি পেস, গতিময় ফিল্ডিং আর শেষ দিকে রান তোলার সামর্থ্য মিলিয়ে সে বেশ মানানসই। আর ম্যাট রেনশো সাম্প্রতিক সময়ে সব ফরম্যাটেই নিজেকে প্রমাণ করেছে। মিডল-অর্ডার ব্যাটার হিসেবে সে দারুণ ভূমিকা রাখতে পারে।’

ফিটনেসের দিক থেকে অবশ্য স্বস্তির খবরও আছে অস্ট্রেলিয়ার শিবিরে। জশ হ্যাজেলউড, টিম ডেভিড ও নাথান এলিস তিনজনই বিশ্বকাপের জন্য ফিট ঘোষণা পেয়েছেন। হ্যাজেলউড অ্যাশেজের আগে হ্যামস্ট্রিং ও অ্যাকিলিসে চোট পেয়েছিলেন। ডেভিড মিস করেছিলেন বিগ ব্যাশ ও পাকিস্তান সিরিজ। এলিসও হ্যামস্ট্রিং সমস্যায় বিশ্রামে ছিলেন।

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে অনেক দিন ধরেই নেই স্টিভ স্মিথ। বিগ ব্যাশে দুর্দান্ত ফর্মে থাকায় অনেকেই তাকে বিশ্বকাপ দলে দেখতে চেয়েছিলেন। তবে নির্বাচকদের ভাবনায় স্মিথ মূলত নন-বোলিং ওপেনার। ওপেনিংয়ে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের জুটি স্থির, বিকল্প হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও গ্লেন ম্যাক্সওয়েলও। সবাই বোলার হিসেবে বেশ পরীক্ষিত।

একনজরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাট কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট রেনশ, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

এমআই