Advertisement
Us Bangla Airlines
বিশ্বকাপ বয়কটের নাটকীয়তায় নতুন রূপ দিল পাকিস্তান

বিশ্বকাপ বয়কটের নাটকীয়তায় নতুন রূপ দিল পাকিস্তান

খেলা ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৬, ১৭:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটের চারপাশে নাটকীয়তা বেড়েই চলছে। দলের নতুন বিশ্বকাপ জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ায় ঘনিষ্ঠ মহল থেকে শুরু হয়েছে জোর আলোচনা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর অনুষ্ঠানটি করার পরিকল্পনা থাকলেও তা দেখা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যম মিনিট মিররের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর অনুষ্ঠানটি করার পরিকল্পনা ছিল। তবে পিসিবি কর্মকর্তারা অনিবার্য কারণে এটি স্থগিত করার কথা জানিয়েছেন। পিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত না জানালেও আজকের ম্যাচের টস শেষে জার্সি উন্মোচন করেনি।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি পূর্বে জানিয়েছিলেন, বিশ্বকাপ বয়কট নিয়ে শুক্রবার ও সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। কিন্তু গতকাল (শুক্রবার) কোনো ঘোষণা আসেনি। অর্থাৎ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান, এটা এখন পুরোপুরি নিশ্চিত বিষয়।

জার্সি উন্মোচন কেবল একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, এটি বিশ্বকাপের আগে সমর্থক ও স্পন্সর উভয়ের জন্য গুরুত্বপূর্ণ প্রচারণামূলক ইভেন্ট হিসেবেও গণ্য হয়। ফলে পাকিস্তানের জার্সি উন্মোচন অনুষ্ঠান স্থগিত করা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়েছে বটে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক শেখবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বের সবচেয়ে বড় টি-টোয়েন্টি আসরে পাকিস্তানের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয়েছে বলে খবর রয়েছে। তবে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

পিসিবি সূত্র জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই জানানো হবে। তবে আন্তর্জাতিক ক্রিকেট মহলে ধারণা, ক্রিকেট বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা, রাজনৈতিক এবং প্রশাসনিক বিষয়গুলো প্রভাব ফেলতে পারে। আগামী ৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হচ্ছে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচ।

এমআই