‘ক্রিকেটের সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়’
খেলা ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫
উপমহাদেশের ক্রিকেটে রাজনীতির ছায়া নতুন নয়। ভারত-পাকিস্তানের টানাপোড়েনের কারণে বছরের পর বছর দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ, নিরাপত্তার অজুহাতে এক দেশে আরেক দেশের টুর্নামেন্ট না খেলার নজিরও পুরোনো। সাম্প্রতিক সময়ে সেই তালিকায় যুক্ত হয়েছে বাংলাদেশও। যা ক্রিকেটাঙ্গনে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতীয় বোর্ড আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এরপর একই কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যাচ্ছে না বাংলাদেশ। এই সিদ্ধান্তের রেশ ধরে পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়েছে। রাজনীতি ও ক্রিকেটের এই জটিল মেলবন্ধন আবারও প্রশ্নের মুখে ফেলেছে খেলাধুলার আদর্শকে।
এই পরিস্থিতিতে স্পষ্ট অবস্থান জানালেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক রশিদ খান। ক্রিকেট মাঠে রাজনীতির হস্তক্ষেপকে মোটেও ভালো চোখে দেখছেন না তিনি। রশিদের মতে, খেলাধুলা থাকা উচিত রাজনীতির ঊর্ধ্বে।
রশিদ বলেন, ‘আমার মনে হয়, স্পোর্টিং মানসিকতা থাকা উচিত। আমরা প্রায়ই বলি, ক্রিকেট আর রাজনীতি মেশানো উচিত নয়। যদি না মেশানোই উচিত হয়, তাহলে সত্যিই তা মেশানো উচিত নয়। এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত লোকজন আছেন।’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সবসময় বলি, খেলাধুলা একতা তৈরি করে, সব দেশকে এক জায়গায় আনে। এটাই খেলাধুলার সৌন্দর্য। আফগানিস্তানের জন্য খেলাধুলা যা করেছে, অন্য কোনো কিছু সেটা করতে পারত না।’
এমআই